কলকাতায় আবার ভূমিকম্প। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উত্তর থেকে দক্ষিণ কলকাতায় ভূকম্পন অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ড টানা কেঁপেছে শহরের বিভিন্ন বহুতল ভবন। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বাংলাদেশের খুলনা, রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫.৩। এ সময় ভয়ে এবং আতঙ্কে বাড়ি, অফিস ছেড়ে অনেকে বাইরে বেরিয়ে যান। কয়েকটি পুরোনো বাড়ি হেলে পড়ারও খবর পাওয়া গেছে।
জানা যায়, শুক্রবার পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাতেও কম্পন অনুভূত হয়েছে। পশ্চিমবঙ্গের টাকি থেকে ভূমিকম্পের কেন্দ্রস্থলের দূরত্ব প্রায় ২৬ কিলোমিটার।
কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জোরালো ভূকম্পন অনুভূত হয়েছে। পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরেও আতঙ্ক ছড়ায়। জেলা শাসকের অফিসের কর্মীরা ভূকম্পন অনুভূত করে বাইরে বেরিয়ে পড়েন। এলাকার বাড়ি এবং আবাসন নড়ে যায়। বন্ধ থাকা সিলিং ফ্যান দুলতে থাকে বেশ কিছুক্ষণ। একইভাবে ঝাড়গ্রাম জেলাতেও ভূমিকম্প টের পেয়েছেন অনেকেই। হাওড়া এবং হুগলিতেও একই পরিস্থিতি।
এর আগে গত ৩ ফেব্রুয়ারি রাত ৯টা নাগাদ কলকাতায় ভূমিকম্প হয়। সে বার কম্পনের উৎপত্তিস্থল ছিল মিয়ানমার। কম্পনের মাত্রা ছিল ৬।





