বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

টোকিওতে বিরল ডাকাতির ঘটনা, নগদ ২৭ লাখ ডলার লুট

টোকিওতে বিরল ডাকাতির ঘটনা, নগদ ২৭ লাখ ডলার লুট
জাপানের রাজধানী টোকিওর কেন্দ্রস্থলে ব্যস্ত সড়কে বিরল এক ডাকাতির ঘটনা ঘটেছে। পুলিশ ও গণমাধ্যম শুক্রবার জানিয়েছে, তিন জনের একটি দল স্যুটকেসে থাকা নগদ ২৭ লাখ ডলার লুট করেছে।

বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে উএনো স্টেশনের কাছাকাছি এলাকায় ঘটনাটি ঘটে। পর্যটকদের কাছে জায়গাটি বেশ পরিচিত।

 পরিচয় প্রকাশ না করার শর্তে পুলিশের এক মুখপাত্র বলেন, ‘মরিচ স্প্রে ব্যবহার করে ডাকাতরা টাকার স্যুটকেস ছিনিয়ে নেয়।’ 

তবে পুলিশ এই ঘটনা সম্পর্কে বিস্তারিতভাবে জানাতে রাজি হয়নি। স্থানীয় গণমাধ্যম জানায়, ভুক্তভোগীরা ছিলেন পাঁচ জন। তাদের মধ্যে চীনা ও জাপানি নাগরিক রয়েছেন।

তারা একটি গাড়িতে প্রায় ৪২ কোটি ইয়েন যার মূল্য ২৭ লাখ ডলার ভর্তি স্যুটকেস তোলার চেষ্টা করছিলেন। 

কেন ওই দলটি এত নগদ অর্থ বহন করছিল, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। ফুজি টেলিভিশনের খবরে বলা হয়, ভুক্তভোগীরা তদন্তকারীদের জানিয়েছেন, ওই অর্থ মুদ্রা বিনিময় কেন্দ্রগুলোতে পৌঁছে দেওয়ার কথা ছিল।

এদিকে, পৃথক এক ঘটনায় হানেদা বিমানবন্দরের একটি পার্কিং গ্যারেজে শুক্রবার ভোরে ১৯ কোটি ইয়েন নগদ বহনকারী এক ব্যক্তির ওপরও হামলা হয়।

স্থানীয় গণমাধ্যম জানায়, তিন জনের একটি দল মরিচ স্প্রে ব্যবহার করে তার ওপর হামলা করে। টিবিএস জানিয়েছে, দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। 

সূত্র : এএফপি

শেয়ার করুন