সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থে কাজ করছে: ইরানের প্রধান বিচারপতি

অর্থনৈতিক সংকট ও মুদ্রার ধারাবাহিক অবমূল্যায়নের প্রভাবে ইরানে সাম্প্রতিক সময়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। রাজধানী তেহরানের পাশাপাশি বুরুজের্দ, আরসানজান ও গিলান-এ-ঘার্বে বহু মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন। এই পরিস্থিতিতে ইরানের প্রধান বিচারপতি গোলাম হোসেইন মোসেনি মন্তব্য করেছেন, বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থে কাজ করছে।

প্রধান বিচারপতি বলেন, যারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে কিংবা এ ধরনের কর্মকাণ্ডকে সমর্থন দিচ্ছে, তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ রক্ষা করছে। তিনি আরও স্পষ্ট করে জানান, সড়কে অশান্তি সৃষ্টি বা জননিরাপত্তা বিঘ্নিত করার সঙ্গে জড়িতদের কোনোভাবেই ক্ষমা করা হবে না।

বিক্ষোভ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার ক্ষুদ্র সহায়তা হিসেবে প্রতি পরিবারকে মাসিক প্রায় ৭ ডলার করে দেওয়ার উদ্যোগ নিয়েছে। এই অর্থ শুধু খাদ্যপণ্যের মৌলিক মূল্যস্ফীতির চাপ কিছুটা কমাতে সহায়ক হবে বলে জানা গেছে।

গত মাস থেকেই ইরানে এই বিক্ষোভের সূত্রপাত ঘটে। মুদ্রার অবমূল্যায়ন এবং নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রথমে রাজধানী তেহরানের গ্র্যান্ড বাজারের দোকানদাররা ক্ষোভ প্রকাশ করেন। পরবর্তীতে সেই অসন্তোষ দেশজুড়ে ছড়িয়ে পড়ে। বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী, এ পর্যন্ত চলমান বিক্ষোভে অন্তত ৩৬ জন নিহত হয়েছেন এবং প্রায় দুই হাজার সাধারণ মানুষকে গ্রেফতার করা হয়েছে।

এই প্রেক্ষাপটে ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর-জেনারেল আমীর হাতামি কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যে কোনো আগ্রাসীর হাত কেটে দেওয়া হবে এবং দেশের সামরিক যুদ্ধ প্রস্তুতি আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের হুমকির প্রেক্ষিতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছেন, শত্রুর সামনে কখনোই হাল ছাড়া হবে না।

সূত্র: আল-জাজিরা

শেয়ার করুন