লেবাননের দক্ষিণাঞ্চলের খিরবেত সেলম এলাকায় অভিযান চালিয়ে হিজবুল্লাহর দুই সদস্যকে হত্যার দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী। বুধবার (৭ জানুয়ারি) রাশিয়া টুডের বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তাসংস্থা মেহের।
ইসরাইলি সেনাবাহিনীর প্রকাশিত বিবৃতিতে বলা হয়, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সামরিক অবকাঠামো পুনর্গঠনের সঙ্গে যুক্ত দুই সদস্যকে লক্ষ্য করে ‘টার্গেট কিলিং’ চালানো হয়েছে। নিহতদের মধ্যে একজন প্রকৌশলী ছিলেন, যিনি সংগঠনটির সামরিক অবকাঠামো পুনর্গঠনের নেতৃত্ব দিচ্ছিলেন বলে দাবি করা হয়।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, মঙ্গলবার গভীর রাতে খিরবেত সেলম এলাকায় এই হামলা চালানো হয় এবং অভিযানে হিজবুল্লাহর দুই সদস্য নিহত হন। ইসরাইলের দাবি অনুযায়ী, তাদের এই কার্যক্রম ছিল হিজবুল্লাহর সামরিক সক্ষমতা পুনর্গঠনের প্রচেষ্টার বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ।
তবে একই সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন এবং লেবাননের ভূখণ্ডে ধারাবাহিক হামলার অভিযোগ উপেক্ষা করেই ইসরাইল এ দাবি করেছে। ইসরাইলি সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, নিহত দুই সদস্যের কর্মকাণ্ড তেল আবিব ও বৈরুতের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন ছিল।
উল্লেখযোগ্য যে, লেবানন ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকেই ইসরাইলি সেনাবাহিনী শতাধিকবার ওই চুক্তি ভঙ্গ করেছে বলে অভিযোগ রয়েছে। এসব হামলার মধ্যে বিমান, ক্ষেপণাস্ত্র ও স্থল অভিযান অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি দক্ষিণ লেবাননের কিছু অংশ এখনও ইসরাইলের দখলে রয়েছে, যা অঞ্চলটিতে উত্তেজনা অব্যাহত রেখেছে।





