রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

যেসব শর্ত না মানলে ফেরত পাবেন না মার্কিন ভিসার জামানতের টাকা

বাংলাদেশসহ ৩৮টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য আবেদন করতে হলে ৫ থেকে ১৫ হাজার ডলার ভিসা বন্ড বা জামানত দিতে হবে। বাংলাদেশি টাকায় বন্ডের সর্বোচ্চ পরিমাণ প্রায় ১৮ লাখ ৩৫ হাজার টাকা (প্রতি ডলার ১২২.৩১ টাকা হিসেবে)। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভ্রমণবিষয়ক ওয়েবসাইটে মঙ্গলবার এ তথ্য প্রকাশ করা হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, সব শর্ত পূরণ করলে ভিসা বন্ডের অর্থ ফেরত পাবেন আবেদনকারী। সেই শর্তগুলো হলো—

১. ভিসাধারী নির্ধারিত সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করেছেন বলে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি তথ্য রেকর্ড করেছে।
২. ভিসাধারী ভিসার মেয়াদ শেষ হওয়ার আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করেননি।
৩. ভিসাধারীকে নির্ধারিত বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ না দিয়ে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

এছাড়া, মার্কিন পররাষ্ট্র দপ্তর ভিসা বন্ড বাতিল হওয়ার সম্ভাব্য কারণও উল্লেখ করেছে। সেগুলো হলো—

১. ভিসাধারী ভিসার মেয়াদ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্র ত্যাগ করেছেন বলে তথ্য পাওয়া গেছে।
২. ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও ভিসাধারী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
৩. ভিসাধারী নন-ইমিগ্র্যান্ট মর্যাদা থেকে অভিবাসী মর্যাদায় পরিবর্তনের জন্য আবেদন করছেন, যার মধ্যে অ্যাসাইলামের আবেদনও রয়েছে।

ভিসা পাওয়া ব্যক্তিদের অবশ্যই নির্দিষ্ট পথ ব্যবহার করে যুক্তরাষ্ট্রে প্রবেশ ও বহির্গমন করতে হবে। অন্যথায় তাদের প্রবেশাধিকার প্রত্যাখ্যাত হতে পারে বা দেশত্যাগের তথ্য সঠিকভাবে নথিভুক্ত হওয়ার ঝুঁকি থাকতে পারে। নির্ধারিত প্রবেশপথের মধ্যে রয়েছে— বোস্টন লোগান আন্তর্জাতিক বিমানবন্দর (বিওএস), জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর (জেএফকে) এবং ওয়াশিংটন ডুলাস আন্তর্জাতিক বিমানবন্দর (আইএডি)।


শেয়ার করুন