তাইওয়ানের পূর্ব উপকূলে নিয়মিত প্রশিক্ষণ মিশনের সময় একটি মার্কিন তৈরি চতুর্থ প্রজন্মের এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। পাইলট এখনও নিখোঁজ রয়েছেন।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। খবর জানিয়েছে আনাদোলু এজেন্সি।
প্রতিবেদনে বলা হয়েছে, বিমান বিধ্বস্ত হওয়ার পরই উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। সেন্ট্রাল নিউজ এজেন্সি জানায়, তাইওয়ানের বিমান বাহিনী বিধ্বস্ত এফ-১৬ যুদ্ধবিমানের পাইলটের খোঁজে তল্লাশি চালাচ্ছে।
বিমান বাহিনী জানিয়েছে, এফ-১৬ যুদ্ধবিমানটি একটি নিয়মিত প্রশিক্ষণ মিশনে ছিল। ধারণা করা হচ্ছে, ক্যাপ্টেন সিন নামে পাইলট হুয়ালিয়েন কাউন্টিতে বিমান আছড়ে পড়ার আগে নিরাপদে বেরিয়ে এসেছেন।
মন্ত্রিসভার মুখপাত্র মিশেল লি এক বিবৃতিতে বলেন, “প্রধানমন্ত্রী চো জং-তাই তাইওয়ানের উপকূলরক্ষী এবং কাছাকাছি মাছ ধরার জাহাজগুলোকে অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টায় সহায়তা করার আহ্বান জানিয়েছেন।”
তাইওয়ান চীনের সঙ্গে বৈরিতার কারণে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। সম্প্রতি ৬৬টি মার্কিন ইফ-১৬ভি অর্ডার দিয়েছে, যা তাইওয়ানের পুরোনো এফ-১৬ এ/বি জেটের আপগ্রেড সংস্করণ। ২০২৩ সালে ১৪১টি পুরোনো এফ-১৬এসকে ভি স্ট্যান্ডার্ডে আপগ্রেড করার কাজ শুরু হয়।
বিমানগুলো ২০২৬ সালে সরবরাহ করার কথা থাকলেও, তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী ওয়েলিংটন কু সম্প্রতি জানিয়েছেন, এটি একটি বড় চ্যালেঞ্জ।
তাইওয়ানের সামরিক বাহিনী চীনের চাপের মধ্যে রয়েছে। চীন বারবার দাবি করছে, দ্বীপটি তার ভূখণ্ডের অংশ এবং সংযুক্ত করার জন্য শক্তি প্রয়োগের হুমকি দিয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে চীন দ্বীপের চারপাশে যুদ্ধবিমান এবং যুদ্ধজাহাজের উপস্থিতি বাড়িয়েছে।





