ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও পাকিস্তানে অবস্থান করছিলেন এক ভারতীয় নারী। তিনি এক পাকিস্তানি পুরুষকে বিয়েও করেছেন। বিয়ের আগে ধর্মান্তরিত হওয়া এই নারীকে ভিসা মেয়াদ শেষ হওয়ায় পাকিস্তানি রেঞ্জার্স ওয়াঘা সীমান্তে নিয়ে গিয়ে নিজের দেশে ফেরত পাঠানোর প্রস্তুতি শুরু করেছে। সূত্রের বরাত দিয়ে সোমবার (৫ জানুয়ারি) এ তথ্য জানা যায়।
৪৮ বছর বয়সী ওই নারী, সরবজিৎ কৌর, গত বছরের ৪ নভেম্বর গুরু নানকের ৫৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ১০ দিনের ধর্মীয় উৎসবে অংশ নিতে পাকিস্তানে গিয়েছিলেন। তার ভিসার মেয়াদ ছিল ১৩ নভেম্বর পর্যন্ত, কিন্তু মেয়াদ শেষ হওয়ার পরও তিনি সেখানে অবস্থান করতেন।
পাকিস্তানে থাকাকালীন কৌর শেখুপুরার বাসিন্দা নাসির হুসেনকে ভালোবেসে বিয়ে করেন। বিয়ের আগে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে নাম পরিবর্তন করে নূর ফাতিমা রাখেন। স্থানীয় আদালতে দেওয়া বিবৃতিতে কৌর বলেন, “আমি কোনোপ্রকার চাপ ছাড়াই নিজের ইচ্ছায় ধর্মান্তরিত হয়ে নাসিরকে বিয়ে করেছি এবং স্বামীর সঙ্গেই থাকতে চাই।”
নিকাহনামা অনুযায়ী, ২০২৫ সালের ৫ নভেম্বর ১০,০০০ রুপি মোহরানাতে তাদের বিবাহ সম্পন্ন হয়, যা ইতোমধ্যেই পরিশোধ করা হয়েছে। সূত্রের বরাত দিয়ে জানা যায়, ২০১৬ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে কৌর ও হুসেনের পরিচয় হয় এবং কয়েক বছর ধরে তাদের বন্ধুত্ব গভীর হয়ে ওঠে।
জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে কৌরের আইনজীবী অ্যাডভোকেট আহমেদ হাসান পাশা বলেন, “তার মক্কেলকে নিজের ইচ্ছায় ভারতে ফেরত পাঠানো হচ্ছে। ১৯৪৬ সালের ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী কৌর বর্তমানে পাকিস্তানে আইনত থাকতে পারবেন না। তবে ভারতে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর তিনি স্বামী/স্ত্রীর ভিসায় পাকিস্তানে ফিরে এসে স্থায়ীভাবে বসবাসের আবেদন করবেন।”
পাকিস্তানি রেঞ্জার্স সূত্রে জানানো হয়, মেয়াদোত্তীর্ণ ভিসা থাকা অবস্থায় ভারতে না ফেরায় ওয়াঘা সীমান্ত দিয়ে কৌরকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে। আনুষ্ঠানিক কুচকাওয়াজ ও প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাকে ভারতীয় কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করা হবে।





