মাদক পাচারের অজুহাতে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের পর বিশ্ব বাণিজ্যে অনিশ্চয়তা তীব্রভাবে বেড়েছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার খবরের পরই স্বর্ণের দাম নতুন উচ্চতায় পৌঁছেছে, যা ২৯ ডিসেম্বরের পর সর্বোচ্চ। খবর জানিয়েছে রয়টার্স।
নিরাপদ বিনিয়োগের খোঁজে বিনিয়োগকারীরা স্বর্ণের দিকে ঝুঁকেছেন। মার্কিন-ভেনেজুয়েলার মধ্যকার রাজনৈতিক উত্তেজনার কারণে সোমবার (৫ জানুয়ারি) আন্তর্জাতিক বাজারে সোনার দাম এক লাফে ২ শতাংশের বেশি বেড়ে গেছে। এটি এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছেছে।
বাংলাদেশের সময় বিকাল তিনটায় স্পট গোল্ডের দাম বেড়ে প্রতি আউন্স ৪,৪৩৩.২৯ ডলারে দাঁড়িয়েছে। এর আগে ২৬ ডিসেম্বর সোনার দাম রেকর্ড সর্বোচ্চ ৪,৫৪৯.৭১ ডলারে পৌঁছেছিল।
মার্কেটপালস বাই ওএনডিএর বিশ্লেষক জাইন ভাওদা বলেন, “সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে উত্তেজনা বৃদ্ধির সরাসরি প্রভাব স্বর্ণের বাজারে পড়েছে। বিনিয়োগকারীদের অনিশ্চয়তা আরও বেড়েছে এবং নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বৃদ্ধি পেয়েছে।”
রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও দুটি দেশকে সতর্ক করে জানান, মাদক প্রবাহ কমাতে ব্যর্থ হলে কলম্বিয়া ও মেক্সিকোর বিরুদ্ধেও সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে।
ভাওদা এই বিষয়ে সতর্ক করে বলেন, “ভেনেজুয়েলায় অভিযানের পর মেক্সিকোকে ঘিরে ট্রাম্প প্রশাসনের মন্তব্য লাতিন আমেরিকায় ভবিষ্যৎ সামরিক তৎপরতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে। ফলে নিকট ভবিষ্যতে সোনার চাহিদা উচ্চ পর্যায়েই থাকার সম্ভাবনা রয়েছে।”





