সোমবার, ২২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্রে সাবেক প্রেমিকের বাড়িতে ভারতীয় নারীর লাশ

নববর্ষের আগের রাত থেকে নিখোঁজ থাকা ২৭ বছর বয়সি ভারতীয় নারী নিকিথা গোধিশালাকে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে নিহত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নিকিথা হাওয়ার্ড কাউন্টির এলিকট সিটিতে বসবাস করতেন এবং পেশায় তিনি একজন ডাটা ও স্ট্র্যাটেজি অ্যানালিস্ট ছিলেন।

পুলিশ জানায়, নিকিথার লাশ পাওয়া যায় তার সাবেক প্রেমিক ২৬ বছর বয়সী অর্জুন শর্মার মালিকানাধীন অ্যাপার্টমেন্ট থেকে। লাশ উদ্ধার করার সময় তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। এই ঘটনায় শর্মার বিরুদ্ধে প্রথম ও দ্বিতীয় ডিগ্রির হত্যার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

তদন্তকারীরা জানিয়েছেন, ৩ জানুয়ারি অর্জুন শর্মার অ্যাপার্টমেন্টে তল্লাশি চালিয়ে লাশ উদ্ধার করা হয়। জানা যায়, ২ জানুয়ারি অর্জুন নিজেই পুলিশকে নিখোঁজের অভিযোগ দায়ের করেছিলেন। সে অভিযোগে উল্লেখ করেন, ৩১ ডিসেম্বর তিনি সর্বশেষ নিকিথাকে নিজের অ্যাপার্টমেন্টে দেখেছিলেন। তদন্তে ধারণা করা হচ্ছে, ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৭টার পরই নিকিথাকে হত্যা করা হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, নিখোঁজ হওয়ার দিনেই অর্জুন শর্মা যুক্তরাষ্ট্র ছেড়ে ভারতের উদ্দেশে একটি ফ্লাইটে দেশ ত্যাগ করেছেন। ঘটনার পেছনে কি উদ্দেশ্য ছিল, তা এখনো নিশ্চিত নয়। তদন্ত চলমান এবং অভিযুক্তকে গ্রেফতার করতে ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

এ ঘটনায় ভারতের দূতাবাস জানিয়েছে, তারা নিকিথার পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা প্রদান করছে। একই সঙ্গে স্থানীয় প্রশাসনের সঙ্গে বিষয়টি নিয়ে নিয়মিত সমন্বয় করা হচ্ছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। তবে এমন গুরুতর হত্যাকাণ্ডে প্রত্যর্পণ প্রক্রিয়া সাধারণত আদালতের পর্যালোচনা এবং কূটনৈতিক সমন্বয়ের মাধ্যমে সম্পন্ন হয়, যা কয়েক মাস সময় নিতে পারে।

এই ঘটনার প্রেক্ষিতে স্থানীয় প্রশাসন এবং ভারতীয় কনস্যুলার কর্মকর্তারা যৌথভাবে তদন্তে জোর দিচ্ছেন, যাতে অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনা সম্ভব হয়।

শেয়ার করুন