রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ না করলে ভারতের ওপর নতুন করে শুল্ক আরোপ করা হতে পারে—এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (৫ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন ট্রাম্প। এ বিষয়ে সংবাদ প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
ট্রাম্প বলেন, ‘রাশিয়ার তেল ইস্যুতে তারা সহযোগিতা না করলে আমরা ভারতের ওপর শুল্ক বাড়াতে পারি।’ তবে একই বক্তব্যে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘ভালো মানুষ’ হিসেবে উল্লেখ করেন। তার ভাষায়, ‘ভারত মূলত আমাকে খুশি করতে চেয়েছে। প্রধানমন্ত্রী মোদি খুব ভালো মানুষ, তিনি একজন ভালো লোক। তিনি জানতেন আমি খুশি নই। আমাকে খুশি করার বিষয়টি ভারতের কাছে গুরুত্বপূর্ণ ছিল।’
ট্রাম্প আরও বলেন, ‘তারা আমাদের সঙ্গে বাণিজ্য করে, এবং আমরা খুব দ্রুতই তাদের ওপর শুল্ক বাড়াতে পারি।’ তার এই বক্তব্য উদ্ধৃত করে সংবাদ প্রকাশ করেছে এনআইএ।
হোয়াইট হাউস প্রকাশিত এক অডিওতে শোনা যায়, এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, রাশিয়ার তেল কেনার বিষয়টি তার সন্তুষ্টি অনুযায়ী সমাধান না হলে তিনি ভারতের ওপর ‘দ্রুত’ শুল্ক বাড়াতে পারেন।
এদিকে ট্রাম্পের সফরসঙ্গী মার্কিন সিনেটর লিন্ডসি গ্রাহাম জানান, ভারত যুক্তরাষ্ট্রের দাবিগুলো নিয়ে কাজ করছে। তিনি বলেন, ‘আমি এক মাস আগে ভারতীয় রাষ্ট্রদূতের বাড়িতে ছিলাম। তিনি শুধু এটিই বলতে চেয়েছেন যে ভারত কীভাবে রাশিয়ার তেল কেনা কমাচ্ছে। আর তিনি আমাকে প্রেসিডেন্টকে বলতে বলেছেন ২৫ শতাংশ শুল্ক শিথিল করতে।’
ট্রাম্পের দাবি অনুযায়ী, যুক্তরাষ্ট্র আগে ভারতের ওপর মোট ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছিল। এর মধ্যে ২৫ শতাংশ ছিল রাশিয়ার অপরিশোধিত তেল কেনার ‘শাস্তি’ হিসেবে। প্রথমে ভারতের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়, পরে গত বছরের ৭ আগস্ট তা ২৫ শতাংশে উন্নীত করা হয় এবং একই মাসের শেষদিকে শুল্কের হার বেড়ে দাঁড়ায় ৫০ শতাংশে। বর্তমানে যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের দিক থেকে ভারত অন্যতম শীর্ষ অবস্থানে রয়েছে।
এদিকে ভারত ও যুক্তরাষ্ট্র একটি বিস্তৃত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি—বাইল্যাটারাল ট্রেড এগ্রিমেন্ট (বিটিএ)—নিয়ে আলোচনা চালাচ্ছে। চুক্তিটির প্রথম ধাপ শিগগিরই চূড়ান্ত করে ঘোষণা দেওয়ার সম্ভাবনা রয়েছে।





