রাতের আঁধারে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে নিউ ইয়র্কে নেওয়ার ঘটনায় দেশবাসীকে রাস্তায় প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্টের ছেলে নিকোলাস মাদুরো গেরা। সোমবার (৫ জানুয়ারি) সংবাদ সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
রোববার (৪ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক অডিও বার্তায় গেরা বলেন, “আপনারা আমাদেরকে রাস্তায় প্রতিবাদ করতে দেখবেন, মানুষের পাশে দাঁড়াতে দেখবেন, মর্যাদা ও আত্মসম্মানের পতাকা হাতে দেখতে পাবেন।” বার্তাটির সত্যতা তার ঘনিষ্ঠ সহকর্মীরা এএফপি’কে নিশ্চিত করেছেন।
গেরা আরও বলেন, “তারা (মার্কিন যুক্তরাষ্ট্র) আমাদের দুর্বল হিসেবে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে চায়। কিন্তু আমরা দুর্বল নই এবং হব না।” মাদুরো ও তার স্ত্রীকে আটকের পেছনে দেশভিত্তিক কোনো বিশ্বাসঘাতকতা ছিল কি না—এ প্রসঙ্গে তিনি বলেন, “কারা বিশ্বাসঘাতকতা করেছে, তা ইতিহাসই একদিন স্পষ্ট করে দেবে।”
প্রয়াত নেতা হুগো চাভেজের আদর্শে গড়ে ওঠা সমাজতান্ত্রিক চাভিজমো আন্দোলন ধ্বংস করা যাবে না এবং এটি টিকে থাকবে—এ মন্তব্যও করেন গেরা।
রোববার (৪ জানুয়ারি) রাজধানী কারাকাসে মাদুরো সমর্থকদের একটি অংশ রাস্তায় নামতে দেখা গেছে। তারা পতাকা ও পোস্টার হাতে সরকারের প্রতি সমর্থন জানান।
এর আগে শনিবার (৩ জানুয়ারি) স্থানীয় সময় মধ্যরাতে ট্রাম্পের নির্দেশে মার্কিন বিশেষ বাহিনী অভিযান চালিয়ে মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায়। বর্তমানে তারা নিউইয়র্কের ফেডারেল হেফাজতে রয়েছেন এবং আজ আদালতে হাজির হওয়ার কথা রয়েছে। এ অবস্থায় ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের আদেশ দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত।





