মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নিউইয়র্কের আদালতে তুলা হচ্ছে মাদুরোকে 

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের ব্রুকলিনে অবস্থিত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারের বন্দিশিবিরে আছেন। মাদক ও অস্ত্র চোরাচালানের মামলায় তাকে ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে স্থানীয় সময় সোমবার (৫ জানুয়ারি) প্রথমবারের মতো ম্যানহাটনের একটি ফেডারেল আদালতে হাজির করা হবে।

স্থানীয় সময় শুক্রবার (২ জানুয়ারি) ভোররাতে ভেনেজুয়েলায় বিশেষ সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্র। আটক করার পর তাদের দ্রুত যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে শনিবার রাতে মাদুরো ও সিলিয়া ফ্লোরেসকে নিউইয়র্কের ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে স্থানান্তর করা হয়।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মাদুরো ও তার স্ত্রীর বিরুদ্ধে মাদক পাচার এবং অস্ত্র চোরাচালানের গুরুতর অভিযোগ আনা হয়েছে। তবে এসব অভিযোগ আগেও একাধিকবার অস্বীকার করে আসছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।

মাদুরোকে আটকের পর সোমবার তাকে নিউইয়র্কের আদালতে প্রথমবারের মতো হাজির করা হচ্ছে। রোববার আদালতের এক মুখপাত্রের বরাতে জানানো হয়, স্থানীয় সময় দুপুরে ম্যানহাটনের ফেডারেল আদালতে মাদুরো ও তার স্ত্রীকে আনুষ্ঠানিক আইনি প্রক্রিয়ার মুখোমুখি করা হবে।

এদিকে প্রেসিডেন্ট মাদুরো আটক হওয়ার পর ভেনেজুয়েলার সুপ্রিম কোর্টের আদেশে দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তবে তাকে নিয়েও কঠোর অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

দ্য আটলান্টিক সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ডেলসি রদ্রিগেজ যদি যুক্তরাষ্ট্রের প্রত্যাশা অনুযায়ী ‘সঠিক সিদ্ধান্ত’ না নেন, তাহলে তাকে নিকোলাস মাদুরোর চেয়েও বড় মূল্য দিতে হতে পারে। মাদুরোকে আটক করতে পরিচালিত মার্কিন অভিযানের বিরোধিতা করায় রদ্রিগেজের প্রতি এই কড়া সতর্কবার্তা দেন তিনি।

শেয়ার করুন