মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ডেলসি রদ্রিগেজকে স্বীকৃতি ভেনেজুয়েলার সেনাবাহিনীর

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে স্বীকৃতি দিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী। রোববার (৪ জানুয়ারি) টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে এ তথ্য জানান ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ।

এর আগে গত শুক্রবার (২ জানুয়ারি) গভীর রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্র। অভিযানের পর তাদের যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। বর্তমানে প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রী নিউইয়র্ক সিটির একটি ফেডারেল কারাগারে বন্দি রয়েছেন।

প্রেসিডেন্ট মাদুরোকে সস্ত্রীক আটক করার কয়েক ঘণ্টার মধ্যেই রোববার সকালে ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দেয়। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৯০ দিনের জন্য তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ তার ভাষণে বলেন, সুপ্রিম কোর্টের ঘোষণার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে ভেনেজুয়েলার সেনাবাহিনী। তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্রীয় স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জনগণকে শান্ত থেকে স্বাভাবিক দৈনন্দিন জীবনে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি।

সূত্র: এনডিটিভি

শেয়ার করুন