দিল্লিতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি জানিয়েছেন অল ইন্ডিয়া মজলিশে ইত্তেহাদুল মুসলেমিন (এআইএমআইএম) প্রধান ও লোকসভার সদস্য আসাদুদ্দিন ওয়াইসি। সম্প্রতি এক জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি এ আহ্বান জানান।
ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস জানায়, মহারাষ্ট্র ও মুম্বাইয়ের জনগণের কাছে বিজেপি সরকার দাবি করছে যে তারা বাংলাদেশিদের তাড়িয়ে দিয়েছে—এই বক্তব্যের প্রসঙ্গ টেনে কটাক্ষ করেন ওয়াইসি। তিনি বলেন, “তাহলে দিল্লিতে বসে থাকা মোদি জির বোনকেও বাংলাদেশে পাঠানো হোক।” তার এই মন্তব্যে সমাবেশে উপস্থিত জনতা উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানায়।
সমাবেশে উপস্থিতদের উদ্দেশে ওয়াইসি স্লোগান দিতে আহ্বান জানিয়ে বলেন, যদি তারা চান শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হোক, তাহলে ‘নারায়ে তাকবির’ ধ্বনি তুলুন। উপস্থিত জনতা জবাবে ‘আল্লাহু আকবার’ স্লোগান দেয়। এরপর সরাসরি মোদিকে উদ্দেশ করে তিনি বলেন, “এই আওয়াজ শুনুন, তাকে নিয়ে যান, তাকে বের করে দিন, বাংলাদেশে পৌঁছে দিন।”
এর আগেও বাংলাদেশে ছাত্র–জনতার আন্দোলনের পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য ভারতের সমালোচনা করেছিলেন ওয়াইসি। গত বছরের সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে বিহারের পূর্ণিয়ায় এক নির্বাচনী সমাবেশে নরেন্দ্র মোদি অভিযোগ করেন, কংগ্রেস ও আরজেডি বিহারে তথাকথিত বাংলাদেশি ‘অনুপ্রবেশকারীদের’ আশ্রয় দিচ্ছে।
এর জবাবে ওয়াইসি বলেন, মোদির বক্তব্য অনুযায়ী যদি বাংলাদেশিদের প্রশ্ন ওঠে, তবে দিল্লিতে থাকা বাংলাদেশ থেকে আসা এক ‘বোন’-কেও পাঠানো হোক। তিনি আরও বলেন, “সীমান্ত অঞ্চলে তাকে নিয়ে আসুন—আমরাই তাকে বাংলাদেশে পৌঁছে দেব।” ওয়াইসির এই বক্তব্যে স্পষ্টভাবে শেখ হাসিনাকেই ইঙ্গিত করা হয়েছে।





