ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের তীব্র নিন্দা জানিয়ে দেশটির প্রতি পুনরায় অকুণ্ঠ সমর্থনের কথা জানিয়েছে ইরান।
সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল পিন্টো এক টেলিফোন আলাপে যুক্তরাষ্ট্রের এই আগ্রাসনের পর সৃষ্ট পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলাপকালে আব্বাস আরাগচি ভেনেজুয়েলার সার্বভৌমত্বে মার্কিন হামলা এবং দেশটির বৈধ প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে অপহরণের ঘটনাকে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের’ সুস্পষ্ট উদাহরণ হিসেবে উল্লেখ করেন।
আব্বাস আরাগচি বলেন, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ ভেনেজুয়েলার সার্বভৌমত্বের পাশাপাশি দেশটির জনগণের জাতীয় ইচ্ছার ওপর চরম অবমাননা। তিনি ইসলামি প্রজাতন্ত্র ইরানের পক্ষ থেকে ভেনেজুয়েলার নির্বাচিত সরকার ও সাধারণ জনগণের প্রতি দৃঢ় সংহতি প্রকাশ করেন। ইরানের এই নীতিগত অবস্থান ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল পিন্টো।
টেলিফোন আলাপে ইভান গিল পিন্টো বলেন, যুক্তরাষ্ট্রের অবৈধ ও গুণ্ডামিমূলক নীতির বিরুদ্ধে ভেনেজুয়েলার সরকার ও জনগণ তাদের জাতীয় সার্বভৌমত্ব এবং আত্মনিয়ন্ত্রণের অধিকার রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ। ওয়াশিংটনের সাম্প্রতিক এই পদক্ষেপকে ঘিরে বিশ্বজুড়ে যখন তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, তখন ইরান আবারও লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের নীতিকে আন্তর্জাতিক আইন ও জাতীয় সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে আখ্যা দেয়।
ইরান দীর্ঘদিন ধরেই দক্ষিণ আমেরিকায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপমূলক নীতির সমালোচনা করে আসছে এবং ভেনেজুয়েলার চলমান সংকটে দেশটির পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।





