মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে খামেনির কঠোর বার্তা

ফাইল ছবি

ইরানে চলমান বিক্ষোভের মধ্যে যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে ইসলামি প্রজাতন্ত্র কঠোর অবস্থান নেবে বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শনিবার (৩ জানুয়ারি) প্রচারিত এক বক্তব্যে তিনি বলেন, ইসলামি প্রজাতন্ত্র শত্রুর কাছে নত হবে না এবং যারা সহিংসতায় জড়িত তাদের যথাস্থানে রাখা হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বিক্ষোভের সূত্রপাত মূলত মুদ্রাস্ফীতি ও ইরানি রিয়ালের দরপতনের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট থেকে। মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, বিক্ষোভে এ পর্যন্ত ১০ জনের বেশি নিহত হয়েছেন। রাষ্ট্রীয় গণমাধ্যম তিনজনের মৃত্যুর কথা স্বীকার করেছে। কুর্দি মানবাধিকার সংগঠন হেংগাও জানিয়েছে, শুক্রবার রাতে ইরানের সশস্ত্র বাহিনী ১৩৩ জনকে গ্রেপ্তার করেছে, যা আগের দিনের তুলনায় ৭৭ জন বেশি।

খামেনি মুদ্রার দরপতন নিয়ে বলেন, বাজারের ব্যবসায়ীরা সঠিকই বলছেন, এই পরিস্থিতিতে ব্যবসা করা সম্ভব নয়। তবে তিনি স্পষ্ট করে বলেছেন, বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলা হবে, কিন্তু দাঙ্গাকারীদের সঙ্গে কথা বলার কোনও অর্থ নেই।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দক্ষিণ ও পশ্চিম ইরানের বিভিন্ন শহরে বিক্ষোভের দৃশ্য দেখা গেছে, যদিও এসব ভিডিও তাৎক্ষণিকভাবে যাচাই করা যায়নি। এক ভিডিওতে বিক্ষোভকারীরা অন্যদের রাস্তায় নামার আহ্বান জানাতে দেখা গেছে।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরান প্রসঙ্গে বলেছেন, ইরান যদি সহিংসভাবে বিক্ষোভকারীদের হত্যা করে, যুক্তরাষ্ট্র তাদের উদ্ধারে প্রস্তুত রয়েছে। তবে ইরানের বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, তা স্পষ্ট করেননি। এই সম্ভাব্য হুমকি ইরানের ওপর চাপ আরও বাড়িয়েছে, ফলে নিষেধাজ্ঞায় জর্জরিত ইরানের অর্থনীতি সংকুচিত হচ্ছে এবং সরকার কিছু অঞ্চলে পানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে।

শেয়ার করুন