মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রীর নতুন ঘোষণা

ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো দেশজুড়ে তাৎক্ষণিকভাবে সামরিক বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছেন।

একটি ভিডিও ভাষণে তিনি বলেন, আজকের মার্কিন হামলাকে ভেনেজুয়েলার বিরুদ্ধে “সবচেয়ে বড় আগ্রাসন” হিসেবে দেখা হচ্ছে। একইসাথে তিনি দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

পাদ্রিনো আরও বলেন, “তারা আমাদের ওপর আক্রমণ করেছে, কিন্তু আমাদের দমন করতে পারবে না।” তিনি নিশ্চিত করেছেন যে, এই পদক্ষেপ ভেনেজুয়েলা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নির্দেশমাফিক নেওয়া হচ্ছে।

যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর দেশটিতে জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট মাদুরো। শনিবার (৩ জানুয়ারি) রাত ২টার দিকে কারাকাসসহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ ছড়িয়ে পড়ে। এরপর ভেনেজুয়েলা সরকার জানিয়েছে, যুক্তরাষ্ট্র দেশের বিভিন্ন স্থানে সামরিক অবকাঠামো এবং নাগরিকদের ওপর হামলা চালিয়েছে।

সরকারি পক্ষ অভিযোগ করেছে, কারাকাসে সরাসরি আগ্রাসন চালানো হয়েছে এবং এই “সামরিক অভিযান” তারা প্রত্যাখ্যান করছে। কারাকাস ছাড়াও মিরান্ডা, আরাগওয়া এবং লা গুয়াইরা রাজ্যেও হামলার ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট মাদুরো দেশের সব জায়গায় জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেন এবং প্রতিরক্ষা বাহিনী মোতায়েনের নির্দেশ দেন।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, শনিবার ভোরে একটি বড় অভিযান চালিয়ে মাদুরো ও তার স্ত্রীকে ধরে নেওয়া হয়েছে। তবে কীভাবে ধরা হয়েছে বা কোথায় নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। এর আগে যুক্তরাষ্ট্র মাদুরোকে গ্রেপ্তারের তথ্যের জন্য ৫ কোটি ডলারের পুরস্কার ঘোষণা করেছিল।

ভেনেজুয়েলা সরকার এখনও এই অভিযানের বিষয়টি নিশ্চিত করে কোনো বিবৃতি দেয়নি।

শেয়ার করুন