মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট স্ত্রীসহ আটক: ট্রাম্প

ছবি: ফাইল

লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় মার্কিন যুক্তরাষ্ট্র বৃহৎ হামলা চালিয়েছে এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তার স্ত্রীসহ আটক করে দেশ থেকে বের করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এই তথ্য নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ স্যোশালে’ প্রকাশ করেছেন।

ট্রাম্পের পোস্টে বলা হয়েছে, “এই অভিযান মার্কিন আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতায় পরিচালিত হয়েছে। বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে। স্থানীয় সময় শনিবার বেলা ১১টায় মার-এ-লাগোতে সংবাদ সম্মেলন আয়োজন করা হবে।”

এর আগে ভেনেজুয়েলা সরকার একটি আনুষ্ঠানিক বিবৃতিতে অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র দেশটির বিভিন্ন রাজ্যে বেসামরিক ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। তারা এ আক্রমণকে সরাসরি ‘সামরিক আগ্রাসন’ হিসেবে বর্ণনা করেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হামলা কারাকাস ছাড়াও মিরান্ডা, আরাগুয়া এবং লা গুয়াইরা রাজ্যে চালানো হয়েছে। সরকার আরও অভিযোগ করেছে, ওয়াশিংটনের এই হামলার উদ্দেশ্য ভেনেজুয়েলার তেল ও খনিজ সম্পদ দখল করা। তবে তাদের এই চেষ্টা সফল হবে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

পরিস্থিতির অবনতি লক্ষ্য করে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশজুড়ে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) খবরে বলা হয়েছে, কারাকাসে ধারাবাহিক বিস্ফোরণের কিছুক্ষণ আগে মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) তাদের বাণিজ্যিক বিমানগুলোকে ভেনেজুয়েলার আকাশসীমা ব্যবহার থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে। এফএএ এই সিদ্ধান্তকে ‘চলমান সামরিক তৎপরতা’ হিসেবে উল্লেখ করেছে।

এ ঘটনায় কারাকাসে অন্তত সাতটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ট্রাম্প দীর্ঘদিন ধরে মাদুরোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মাদক পাচার ও অবৈধ অভিবাসন সংক্রান্ত অভিযোগ তুলে আসছেন। তিনি জানিয়েছেন, যেকোনো মার্কিন অভিযান মূলত মাদক চোরাচালান বন্ধ করাকেই লক্ষ্য করবে। অন্যদিকে মাদুরোর দাবি, ট্রাম্প আসলে ভেনেজুয়েলাকে উপনিবেশ বানাতে চাইছেন এবং তার আসল নজর দেশের বিশাল জীবাশ্ম জ্বালানি সম্পদের দিকে।

উল্লেখ্য, ২০২৪ সালের নির্বাচনে মাদুরোর বিজয়কে যেসব দেশ স্বীকৃতি দেয়নি, তার মধ্যে যুক্তরাষ্ট্র অন্যতম।

সূত্র: বিবিসি

শেয়ার করুন