মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ক্রানস-মন্টানায় বারে আগুন, নিহত একাধিক

ছবি: সংগৃহীত

সুইজারল্যান্ডের আল্পস পর্বতমালার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্কি রিসোর্ট শহর ক্রানস-মন্টানায় একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দেশটির পুলিশ জানায়, ঘটনায় বেশ কয়েকজন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর নিশ্চিত করেছে।

পুলিশের মুখপাত্র গায়েতান লাথিওন বৃহস্পতিবার বলেন, ইংরেজি নববর্ষ উদযাপনের সময় স্থানীয় সময় রাত দেড়টার দিকে লে কনস্টেলেশন নামক বারে আগুনের সূত্রপাত হয়। ওই সময় ভবনটির ভেতরে শতাধিক মানুষ ছিলেন এবং অগ্নিকাণ্ডে তাদের মধ্যে অনেকে হতাহত হয়েছেন।

প্রাথমিকভাবে বিস্ফোরণের খবরও প্রকাশিত হয়েছিল, তবে পুলিশ জানায়, আগুনের প্রকৃত কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। অনুসন্ধান কার্যক্রম এখনো চলমান রয়েছে। ক্রানস-মন্টানা একটি আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হওয়ায়, অগ্নিকাণ্ডের সময় সেখানে প্রচুর পর্যটক অবস্থান করছিলেন।

দেশটির জাতীয় সম্প্রচারমাধ্যম আরটিএস জানিয়েছে, দগ্ধ রোগীদের চাপের কারণে ফ্রেঞ্চভাষী অঞ্চলের হাসপাতালগুলোতে হিমশিম অবস্থা সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য একটি সহায়তা কেন্দ্র এবং হেল্পলাইনও চালু করা হয়েছে।

ক্রানস-মন্টানা রিসোর্ট আল্পসের হৃদপিণ্ডে, বিখ্যাত ম্যাটারহর্ন পাহাড় থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরে অবস্থিত। সুইস গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, একটি ভবন দাউদাউ করে জ্বলছে এবং পাশেই জরুরি সেবা সংস্থাগুলো তৎপরভাবে কাজ করছে।

পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে, পুরো এলাকা বর্তমানে সিলগালা করা হয়েছে এবং ক্রানস-মন্টানার ওপর দিয়ে বিমান চলাচলে নিষেধাজ্ঞা (নো-ফ্লাই জোন) জারি করা হয়েছে। উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে।

সূত্র: সিএনএন

শেয়ার করুন