মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

মেক্সিকোর ওয়াক্সাকায় যাত্রীবাহী ট্রেন দুর্ঘটনা: নিহত ১৩

ছবি: সংগৃহীত

মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় রাজ্য ওয়াক্সাকায় একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯৮ জন। রোববার (২৮ ডিসেম্বর) রাজ্যের নিজান্দা শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে।

মেক্সিকোর নৌবাহিনী এক বিবৃতিতে জানায়, ট্রেনটিতে ৯ জন ক্রু সদস্যসহ মোট ২৫০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় নিহত ১৩ জন ছাড়াও আহত ৯৮ জনের মধ্যে ৩৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি আহতরা আশঙ্কামুক্ত রয়েছেন।

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নিহত ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানান দেশটির প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম। তিনি বলেন, হাসপাতালে চিকিৎসাধীন ৩৬ জনের মধ্যে অন্তত ৫ জনের অবস্থা গুরুতর।

প্রেসিডেন্ট আরও জানান, রেল কর্তৃপক্ষ ও রেলওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন এবং নিহত ও আহতদের পরিবারের সদস্যদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।

এদিকে, অ্যাটর্নি জেনারেলের দপ্তর থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে।

প্রশান্ত ও আটলান্টিক—এই দুই মহাসাগরের সংযোগস্থলে অবস্থিত মেক্সিকো। উপকূলবর্তী শহর ও বন্দরগুলোর মধ্যে যোগাযোগ জোরদার করতে ১৯৯৯ সালে দেশটিতে ‘আন্তঃমহাসাগরীয় রেল’ পরিষেবা চালু করা হয়। এই রেল পরিষেবার তত্ত্বাবধানে রয়েছে মেক্সিকোর নৌবাহিনী। দুর্ঘটনায় পড়া ট্রেনটি এই ‘আন্তঃমহাসাগরীয় রেল’ প্রকল্পেরই একটি অংশ ছিল।

সূত্র: রয়টার্স

শেয়ার করুন