চীনের ন্যাশনাল ইউনিভার্সিটি অব ডিফেন্স টেকনোলজির গবেষকরা সম্প্রতি একটি চুম্বকচালিত ট্রেনে সফল পরীক্ষা সম্পন্ন করেছেন। এক হাজার টনের বেশি ওজনের ট্রেনটিকে এত দ্রুত চালানো সম্ভব হয়েছে, যা এটিকে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ইলেকট্রিক ম্যাগলেভ ট্রেনে পরিণত করেছে।
ট্রেনটি ম্যাগলেভ ট্র্যাকের ওপর চলে এবং পরীক্ষা শেষে নিরাপদে থামতেও সক্ষম হয়। সামাজিক মাধ্যমে ৩ ডিসেম্বর একটি ভিডিও প্রকাশিত হয়, যেখানে দেখা যায় কিছু মানুষ ট্রেনটি দেখার জন্য অপেক্ষা করছেন, কিন্তু ট্রেনটি তাদের চোখের পলক ফেলার আগেই চলে যায়।
এই ট্রেনটি চুম্বকের মাধ্যমে ভেসে থাকে, তাই রেললাইনের সঙ্গে সরাসরি চাকা যুক্ত থাকে না। চুম্বকের মাধ্যমেই এটি এগিয়ে চলে। ট্রেনটির গতি এতই বেশি যে এর শক্তি দিয়ে রকেটও ছোড়া সম্ভব।
যদি এই ট্রেনটি বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে, সাধারণ মানুষ খুব কম সময়ে চীনের এক শহর থেকে আরেক শহরে পৌঁছাতে সক্ষম হবেন, যা যাতায়াতের খরচ এবং সময় উভয়ই উল্লেখযোগ্যভাবে কমাবে।





