ছবি: সংগৃহীত
শর্তসাপেক্ষে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর আলোচনার আহ্বান গ্রহণের কথা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেছেন, বিরোধী দল আন্তরিকতা দেখালে এবং রাজনৈতিক স্থিতিশীলতায় প্রতিশ্রুতিবদ্ধ হলে সরকার সংলাপে বসতে প্রস্তুত।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ফেডারেল মন্ত্রিসভার বৈঠকে বক্তব্যে শাহবাজ শরিফ জানান, বিরোধী শক্তির সঙ্গে আলোচনা এগিয়ে নিতে তিনি আগেও উদ্যোগ নিয়েছেন এবং এখনো সেই আহ্বান বহাল রয়েছে।
তিনি স্পষ্ট করে বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে সরকার আলোচনার পথ উন্মুক্ত রেখেছে। তবে সংলাপের নামে কোনো বেআইনি দাবি বা চাপ সৃষ্টি মেনে নেওয়া হবে না।
বৈঠকে প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের অর্থনীতিকে শক্ত ভিতের ওপর দাঁড় করাতে নেওয়া সব উদ্যোগকে তিনি স্বাগত জানান। তার ভাষ্য, সংস্কার ও রাজনৈতিক অংশগ্রহণ অবশ্যই জাতীয় স্বার্থকে সামনে রেখে হতে হবে এবং কোনোভাবেই তা আইনের শাসন বা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী হওয়া চলবে না।
পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) বেসরকারিকরণ কার্যক্রমকে অর্থনৈতিক সংস্কারের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে উল্লেখ করে শাহবাজ শরিফ বলেন, সর্বোচ্চ দরদাতাকেই চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে। একই সঙ্গে পুরো প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা বজায় রাখার ব্যাপারে সরকারের দৃঢ় অবস্থানের কথাও তিনি পুনর্ব্যক্ত করেন।





