বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ভেনেজুয়েলার জব্দ তেলবাহী ট্যাংকার সংরক্ষণ করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার উপকূলে জব্দ করা তেলবাহী ট্যাংকার এবং তাদের তেল মার্কিন যুক্তরাষ্ট্রই সংরক্ষণ বা বিক্রি করবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন যখন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পদত্যাগে চাপ বাড়াচ্ছে, ঠিক তখনই তিনি এই মন্তব্য করেন। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ খবর প্রকাশ করেছে।

সোমবার ফ্লোরিডায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “জব্দ করা তেল আমরা রাখতে পারি, বিক্রি করতে পারি বা কৌশলগত মজুত হিসেবে ব্যবহার করতে পারি। জাহাজগুলোও আমরা ধরে রেখেছি।”

যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তেল থেকে আয়ের অর্থ মাদক-সংক্রান্ত অপরাধে ব্যবহার হওয়ার অভিযোগ তুলে জাহাজগুলো জব্দ করেছে। তবে ভেনেজুয়েলার সরকার এই জব্দকেই ‘দস্যুতা’ হিসেবে নিন্দা জানিয়েছে।

চলতি মাসে মার্কিন সামরিক বাহিনী দুইটি তেলবাহী ট্যাংকার জব্দ করেছে এবং একই সময়ে কোস্ট গার্ড তৃতীয় একটি ট্যাংকারের পিছু নিয়েছে। ট্রাম্প জানান, এটি শেষ পর্যন্ত ধরা হবে। এছাড়া সোমবার পূর্ব প্রশান্ত মহাসাগরের আন্তর্জাতিক জলসীমায় সন্দেহভাজন একটি পাচারকারী নৌযানে হামলা চালানো হয়, এতে একজন নিহত হয়েছেন।

ট্রাম্প মাদুরোকে ক্ষমতা ছাড়তে বাধ্য করার উদ্দেশ্য নিয়ে বলেন, “এতে হয়তো প্রভাব পড়তে পারে। তবে শেষ সিদ্ধান্ত তার।” তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র স্থলভাগেও প্রয়োজনে অভিযান চালাতে পারে, তবে নিজের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই।

উত্তরে মাদুরো ভেনেজুয়েলার রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, ট্রাম্পের উচিত তার দেশের অর্থনৈতিক ও সামাজিক সমস্যার দিকে মনোযোগ দেওয়া।

জানুয়ারি মাসে ক্ষমতায় ফেরার পর ট্রাম্প মাদুরোকে গ্রেফতারে সহায়তাকারীদের জন্য পুরস্কারের পরিমাণ দ্বিগুণ করেছেন এবং মাদুরোকে ‘বিশ্বের অন্যতম বড় মাদক পাচারকারী’ হিসেবে উল্লেখ করেছেন। ট্রাম্প প্রশাসন মাদুরোর সরকারকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে এবং নিষেধাজ্ঞা প্রযোজ্য তেলবাহী ট্যাংকারের ওপর ‘অবরোধ’ আরোপ করেছে।

ভেনেজুয়েলার তেল রফতানির ওপর এই পদক্ষেপ দেশটির রাজস্ব ব্যবস্থায় বড় ধাক্কা দিয়েছে। যুক্তরাষ্ট্রের ‘চলমান আগ্রাসন’ নিয়ে আলোচনা করতে মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শেয়ার করুন