ভারতের রাজধানী নয়া দিল্লিতে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বাংলাদেশ হাইকমিশনের সামনে বড় ধরনের বিক্ষোভ হয়। বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও বজরঙ্গ দল নেতৃত্বে আয়োজন করা এই বিক্ষোভে অংশ নেন উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের সদস্য ও সমর্থকরা। প্রতিবাদকারীরা হাইকমিশনের বাইরে স্থাপিত ব্যারিকেড ভেঙে ভিতরে প্রবেশের চেষ্টা করেন।
বিক্ষোভটি ময়মনসিংহে হিন্দু যুবক দীপু চন্দ্র দাসকে হত্যার প্রতিবাদে করা হয়। অংশগ্রহণকারীরা হাইকমিশনের সামনে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে নিন্দাজ্ঞাপক স্লোগান দেন। তারা হাইকমিশনের মধ্যে প্রবেশের চেষ্টা চালান এবং অন্তত দুটি স্তরের ব্যারিকেড ভেঙে এগোতে দেখা যায়।
নিরাপত্তা সংস্থা ইতিমধ্যেই এই ধরনের প্রতিবাদের সম্ভাবনা সম্পর্কে সতর্ক ছিল। হাইকমিশনের বাইরে তিন স্তরের ব্যারিকেড স্থাপন করা হয় এবং পুলিশ ও প্যারামিলিটারি সদস্যরা টহল দেয়। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা সত্ত্বেও কিছু প্রতিবাদকারী হাইকমিশনের দিকে এগিয়ে আসে।
অপরদিকে, ময়মনসিংহের ভালুকা এলাকায় ধর্ম অবমাননার অভিযোগে দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যার ও মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেফতার হওয়া ১২ আসামিকে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে ৮ নম্বর আমলি আদালতের সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন এ রিমান্ড আদেশ দেন।





