বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সুমি সীমান্ত গ্রাম থেকে বাসিন্দাদের রাশিয়ায় নেওয়ার অভিযোগ ইউক্রেনের

ফাইল ছবি: রয়টার্স


ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলের সুমি অঞ্চলে সীমান্ত অতিক্রম করে একটি গ্রামে ঢুকে অন্তত ৫০ জন স্থানীয় বাসিন্দাকে ধরে রাশিয়ায় নিয়ে গেছে রুশ সেনারা—এমন অভিযোগ করেছে ইউক্রেনের সামরিক বাহিনী। রবিবার দেশটির গণমাধ্যম এই তথ্য জানায়। খবরটি প্রকাশ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

ইউক্রেনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সাসপিলনে এবং সংবাদমাধ্যম উক্রাইন্সকা প্রাভদার খবরে বলা হয়, শনিবার গভীর রাতে সুমি অঞ্চলের হ্রাবোভস্কে গ্রামে ইউক্রেনীয় ভূখণ্ডে প্রবেশ করে রুশ বাহিনী। এরপর সেখান থেকে স্থানীয়দের আটক করে সীমান্তের ওপারে নিয়ে যাওয়া হয়।

গণমাধ্যমগুলোর তথ্যমতে, আটক ব্যক্তিদের বেশিরভাগই বয়স্ক। তবে তাদের মধ্যে নারী ও পুরুষের সংখ্যা কত—সে বিষয়ে নির্দিষ্ট তথ্য জানানো হয়নি।

এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স। একই সঙ্গে এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকেও এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সম্প্রতি সুমি অঞ্চলের একাধিক সীমান্তবর্তী গ্রামে নিজেদের উপস্থিতি জোরদার করেছে রুশ বাহিনী। একই সময়ে ওই অঞ্চলের বিভিন্ন শহর ও জনবসতিতে গোলাবর্ষণের ঘটনাও ঘটছে।

এদিকে সুমি অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান ওলেহ হ্রিহোরভ টেলিগ্রামে দেওয়া এক বার্তায় জানান, সীমান্তবর্তী যেসব গ্রামের বাসিন্দারা আগে নিরাপদ স্থানে সরে যাওয়ার প্রস্তাব নাকচ করেছিলেন, তাদের সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। তিনি ক্ষতিগ্রস্ত এলাকার নাম উল্লেখ না করলেও সীমান্ত এলাকার বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে দ্রুত স্থানত্যাগে সম্মতি দেওয়ার আহ্বান জানান।

শেয়ার করুন