যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ২০২৬ অর্থবছরের ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট (এনডিএএ) স্বাক্ষর করেছেন, যা প্রায় এক ট্রিলিয়ন ডলারের সামরিক বাজেট অনুমোদন করেছে। বিলের মোট অনুমোদিত ব্যয় ৯০১ বিলিয়ন ডলার, যা ট্রাম্পের প্রাথমিক অনুরোধের চেয়ে ৮ বিলিয়ন বেশি।
হোয়াইট হাউজ জানিয়েছে, ওভাল অফিসে কোনও আনুষ্ঠানিক সাংবাদিক উপস্থিতি ছাড়াই প্রেসিডেন্ট নীরবে বিলটিতে সই করেছেন। এই বিলটি কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেটের আলাদা বিল একত্রিত করে গঠন করা হয়েছে।
বিলের কিছু বিধান ট্রাম্পের নিজ দলের মূল অবস্থানের সঙ্গে সামান্য দ্বিমত রেখে ইউরোপে নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্বারোপ করেছে। প্রেসিডেন্ট দীর্ঘদিন ধরে বলেছেন, ইউরোপীয় মিত্রদের নিজেদের প্রতিরক্ষা ব্যয় বহন করতে হবে।
নতুন এনডিএএ-তে ইউক্রেন সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স ইনিশিয়েটিভের আওতায় আগামী দুই বছরে ইউক্রেনের জন্য ৮০০ মিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছে, যা মার্কিন কোম্পানিকে ইউক্রেনের জন্য অস্ত্র সরবরাহের অর্থ প্রদান করবে। একই সঙ্গে বাল্টিক সিকিউরিটি ইনিশিয়েটিভ অনুমোদন পেয়েছে এবং লাটভিয়া, লিথুয়ানিয়া ও এস্তোনিয়ার প্রতিরক্ষায় ১৭৫ মিলিয়ন ডলারের সহায়তা নিশ্চিত করা হয়েছে।
এছাড়া ইউরোপে মার্কিন সেনা সংখ্যা ৭৬ হাজারের নিচে নামানো সীমিত করা হয়েছে এবং ন্যাটো সুপ্রিম কমান্ডারের পদ ত্যাগে মার্কিন ইউরোপিয়ান কমান্ডারকে বাধা দেওয়া হয়েছে। হোয়াইট হাউজ জানিয়েছে, এই বিল ট্রাম্পের অনেক নির্বাহী আদেশকে আইনে রূপান্তর করেছে, যেমন গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা অর্থায়ন এবং পেন্টাগনের ডাইভারসিটি–ইকুইটি–ইনক্লুশন কার্যক্রম বাতিল।
এর মধ্য দিয়ে কংগ্রেস ৬৫ বছর টানা এনডিএএ পাশের ধারাবাহিকতা বজায় রেখেছে। তবে ট্রাম্পের প্রথম মেয়াদে এই ধারাবাহিকতা ভাঙার ঝুঁকি তৈরি হয়েছিল। ২০২০ সালের ডিসেম্বরে তিনি এক বিল ভেটো দেন—কনফেডারেট ব্যক্তিত্বের নামে সামরিক ঘাঁটি পুনঃনামকরণ ও প্রযুক্তি কোম্পানিগুলোর আইনি সুরক্ষার কারণে। কিন্তু ২০২১ সালের জানুয়ারিতে কংগ্রেস সেই ভেটো বাতিল করে, যা তার প্রথম মেয়াদের একমাত্র ভেটো ওভাররাইড হিসেবে রেকর্ডে আছে।
সূত্র: রয়টার্স





