শনিবার, ২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সৌদি আরবে অনুমতি ছাড়া রাজনৈতিক কর্মকাণ্ডে বাংলাদেশি আটক

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে সৌদি আরবের বিভিন্ন এলাকায় অনুমতি ছাড়াই রাজনৈতিক সভা-সমাবেশ ও প্রচারণায় জড়িত থাকার অভিযোগে কয়েকজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে রিয়াদ কর্তৃপক্ষ। এই পরিস্থিতিতে দেশের প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করেছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস।

বুধবার (১৭ ডিসেম্বর) রাতে এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, সম্প্রতি সৌদি আরবের বিভিন্ন এলাকায় হলরুম ভাড়া করে, হোটেল, রেস্তোরাঁ এবং ব্যক্তিগত বাসভবনে অনুমোদনবিহীন বিভিন্ন সংগঠনের ব্যানারে নির্বাচনী সভা আয়োজন, দলবদ্ধভাবে রাজনৈতিক প্রচারণা চালানো এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও অপরাধমূলক তথ্য ছড়ানোর ঘটনায় কয়েকজন বাংলাদেশি আটক হয়েছেন।

দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, সৌদি আরবের আইন অনুযায়ী দেশটির অভ্যন্তরে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড, সভা-সমাবেশ বা প্রচারণা পরিচালনার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি বাধ্যতামূলক। অনুমতি ছাড়া এ ধরনের কর্মকাণ্ড আইন লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।

এই প্রেক্ষাপটে সৌদি আরবে অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশিকে দূতাবাস বিশেষভাবে অনুরোধ করেছে, অনুমোদন ছাড়া কোনো রাজনৈতিক সভা-সমাবেশ আয়োজন বা প্রচারণায় অংশগ্রহণ থেকে বিরত থাকতে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপরাধমূলক বা বিভ্রান্তিকর তথ্য প্রচার না করতে। একই সঙ্গে দেশটির আইন-কানুন এবং বিধি-নিষেধ যথাযথভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

শেয়ার করুন