শনিবার, ২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সৌদিতে প্রবাসী শ্রমিকদের ইকামা ফি মওকুফ

সৌদি আরবের মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে, লাইসেন্সপ্রাপ্ত শিল্পপ্রতিষ্ঠানে কর্মরত প্রবাসী শ্রমিকদের ওপর আরোপিত ইকামা বা ওয়ার্ক পারমিট ফি বাতিল করা হবে। লক্ষ্য হলো দেশটির শিল্প খাতে গতি আনাসহ বিনিয়োগবান্ধব পরিবেশ জোরদার করা।

সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে অর্থনৈতিক ও উন্নয়নবিষয়ক পরিষদ (সিইডিএ)-এর সুপারিশে এই সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে, জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সৌদি গেজেট। আনুমানিক ৭–৮ বছর পর এই ফি মওকুফ করা হলো।

শিল্প ও খনিজসম্পদমন্ত্রী বান্দার আলখোরায়েফ বলেন, প্রবাসী শ্রমিকদের ওপর আরোপিত আর্থিক ফি মওকুফের ফলে সৌদি আরবে টেকসই শিল্প উন্নয়ন আরও জোরদার হবে। তিনি এটিকে ভিশন ২০৩০-এর আওতায় শিল্প খাতকে ধারাবাহিক সহায়তা দেয়ার অংশ হিসেবে উল্লেখ করেন।

মন্ত্রী আরও বলেন, এই পদক্ষেপ সৌদি শিল্পের বিশ্ববাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াবে এবং তেলনির্ভরতা কমিয়ে অন্যান্য পণ্যের রপ্তানির বিস্তার ঘটাতে সহায়ক হবে।

ভিশন ২০৩০-এর অংশ হিসেবে সৌদি আরব তেলনির্ভর অর্থনীতি থেকে বহুমুখী অর্থনৈতিক কাঠামো গড়ে তুলতে কাজ করছে। আলখোরায়েফ জানান, ইকামা ফি বাতিলের ফলে কারখানাগুলোর পরিচালন ব্যয় কমবে, মানসম্মত বিনিয়োগ আকৃষ্ট হবে এবং শিল্পপ্রতিষ্ঠানগুলো সম্প্রসারণ ও উৎপাদন বৃদ্ধিতে উৎসাহিত হবে। পাশাপাশি অটোমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও উন্নত উৎপাদন প্রযুক্তি দ্রুত গ্রহণে সহায়ক হবে এই সিদ্ধান্ত।

শেয়ার করুন