অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই বিচে হানুক্কা উৎসব চলাকালে সংঘটিত বন্দুক হামলার ঘটনায় জড়িত দুই বন্দুকধারীর একজন ভারতীয় নাগরিক ছিলেন। ভারতের পুলিশ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে। নিহত বন্দুকধারীর নাম সাজিদ আকরাম। তিনি প্রায় ২৭ বছর আগে কর্মসংস্থানের উদ্দেশ্যে ভারত ছেড়ে অস্ট্রেলিয়ায় যান। অপর বন্দুকধারী তার ছেলে নাভিদ, যিনি অস্ট্রেলিয়ার নাগরিক।
রোববার সন্ধ্যায় সংঘটিত এই হামলায় অন্তত ১৫ জন নিহত হয়, যা দেশটির ইতিহাসের অন্যতম ভয়াবহ ঘটনার মধ্যে ধরা হচ্ছে। ভারতের তেলেঙ্গানা রাজ্যের পুলিশ জানিয়েছে, সাজিদ আকরাম হায়দরাবাদের বাসিন্দা ছিলেন। তিনি ১৯৯৮ সালের নভেম্বর মাসে অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন। অস্ট্রেলিয়ায় থাকা অবস্থায় তিনি শুধুমাত্র সম্পত্তি সংক্রান্ত বিষয় ও বাবা-মায়ের সঙ্গে দেখা করতে ভারতে সীমিতভাবে এসেছিলেন। তবে বাবা-মৃত্যুর সময় তিনি ভারতে উপস্থিত ছিলেন কি না, তা নিশ্চিত নয়। পুলিশের বরাত অনুযায়ী, সাজিদ আকরামের ভারত ছাড়ার আগে কোনো অপরাধমূলক রেকর্ড ছিল না এবং তার পরিবারের কেউই তার উগ্রপন্থায় জড়িত থাকার কোনো ইঙ্গিত দেননি।
প্রসঙ্গত, সাজিদ আকরাম ও তার ছেলে নাভিদের উগ্রপন্থায় জড়িত থাকার সঙ্গে ভারতের কোনো নাগরিকের সরাসরি সম্পর্কের প্রমাণ পাওয়া যায়নি। হামলার পর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ মন্তব্য করেছেন, এই ঘটনা ইসলামিক স্টেট (আইএস) মতাদর্শ দ্বারা অনুপ্রাণিত ছিল এবং হামলার উদ্দেশ্য ছিল ইহুদি সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা।
পুলিশ একটি উদ্ধার হওয়া গাড়ি থেকে দুটি পতাকা পাওয়া গেছে, যা হামলাটিকে আইএস-অনুপ্রাণিত হিসেবে ইঙ্গিত করছে। প্রধানমন্ত্রী আলবানিজ এই ঘটনাকে ‘ইহুদিবিদ্বেষী ও সন্ত্রাসবাদী হামলা’ হিসেবে বর্ণনা করেছেন। হামলার পর অস্ট্রেলিয়ায় আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আরও কঠোর করার অঙ্গীকার জানানো হয়েছে।
ঘটনাস্থলেই ৫০ বছর বয়সী সাজিদ আকরামকে হত্যা করা হয়েছে। তার ২৪ বছর বয়সী ছেলে নাভিদ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা সম্পর্কিত বিস্তারিত তথ্য প্রকাশিত হয়নি।





