গাজায় চলমান অবরোধের মধ্যেই তীব্র শীতে এক নবজাতকের মৃত্যু হয়েছে। স্থানীয় ফিলিস্তিনি কর্তৃপক্ষ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) জানায়, দুই সপ্তাহ বয়সী শিশু মোহাম্মদ খলিল আবু আল-খাইর হাইপোথার্মিয়ার চিকিৎসার পর মারা গেছেন।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি হামলার কারণে গাজার মৌলিক সুরক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় শিশুটির জীবন রক্ষা সম্ভব হয়নি। পরিবারগুলো ভেজা মাটিতে তাঁবুতে বাস করছে, পর্যাপ্ত তাপের ব্যবস্থা নেই, বিদ্যুৎ নেই এবং যথেষ্ট পোশাকও নেই। খাদ্য, জ্বালানি, আশ্রয় ও সহায়তা একসাথে সীমিত থাকায় ঠান্ডা প্রাণঘাতী হয়ে উঠেছে।
গত দুই বছরের সংঘাতের ফলে গাজার ৮০ শতাংশেরও বেশি কাঠামো ধ্বংস হয়েছে। লক্ষ লক্ষ মানুষকে দুর্বল তাঁবু বা জনাকীর্ণ অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বসবাস করতে বাধ্য করা হয়েছে। সম্প্রতি প্রবল ঝড় এবং বৃষ্টিপাতে অন্তত ১১ জন নিহত হয়েছেন, কারণ তাঁবুগুলো প্লাবিত ও ধসে পড়েছে।
গাজা সিটি থেকে আল জাজিরাকে উম্মে মোহাম্মদ আসালিয়া জানান, তাঁরা আগুনের উপর কাপড় শুকানোর চেষ্টা করছেন। তিনি আরও বলেন, ‘ছেলেমেয়েদের জন্য অতিরিক্ত কাপড় নেই। আমাদের দেওয়া তাঁবু শীতের তাপমাত্রা সহ্য করতে পারে না। আমাদের কম্বল দরকার।’
জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীদের সংস্থা, ইউএনআরডব্লিউএ, জানিয়েছে যে ইসরাইলি সরকার গাজায় সরাসরি সাহায্য পৌঁছাতে বাধা দিচ্ছে। মঙ্গলবার তারা একটি সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছে, ক্ষতিগ্রস্ত ভবন ধসের কারণে মানুষ নিহত হয়েছেন এবং শিশুরাও ঠান্ডার কারণে প্রাণ হারিয়েছে।





