শনিবার, ২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

পরমাণু বিজ্ঞানে ৩ নতুন সাফল্য, জাতীয় নেটওয়ার্ক চালু করল ইরান

পরমাণু বিজ্ঞান ও প্রযুক্তি খাতে উল্লেখযোগ্য অগ্রগতির ঘোষণা দিয়েছে ইরান। চিকিৎসা ও গবেষণামুখী তিনটি নতুন সাফল্যের পাশাপাশি দেশটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে তাদের জাতীয় পারমাণবিক নেটওয়ার্ক। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) সকালে তেহরান আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এসব অর্জন জনসমক্ষে তুলে ধরা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ এবং ইরান পারমাণবিক শক্তি সংস্থার (এইআওই) প্রধান মোহাম্মদ এসলামীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে পারমাণবিক বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা ইনস্টিটিউটের পক্ষ থেকে তিনটি গুরুত্বপূর্ণ উদ্ভাবন উপস্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে ‘গ্যালিয়াম-৬৮’ নামের একটি উন্নত ডায়াগনস্টিক রেডিওফার্মাসিউটিক্যাল, যা মূলত মেটাস্ট্যাটিক মেলানোমা শনাক্তে ব্যবহৃত হবে। পাশাপাশি প্রদর্শন করা হয় ‘লুটেটিয়াম-১৭৭’, একটি থেরাপিউটিক রেডিওফার্মাসিউটিক্যাল, যা ক্যানসার চিকিৎসায় কার্যকর ভূমিকা রাখবে। এ ছাড়া হাড়ের ব্যথা নিরাময়ে ব্যবহারের জন্য একটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় চিকিৎসা যন্ত্রও উন্মোচন করা হয়।

এই আয়োজনেই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ইরানের জাতীয় পারমাণবিক নেটওয়ার্ক। সরকার জানিয়েছে, নতুন এই নেটওয়ার্কের মাধ্যমে দেশের পারমাণবিক গবেষণা সক্ষমতা জোরদার করা হবে এবং সংশ্লিষ্ট গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় ও সহযোগিতা আরও বিস্তৃত করা হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ইরান পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামী বলেন, গবেষণা ও উদ্ভাবনের ফল দ্রুত বাস্তবমুখী পণ্যে রূপান্তর করাই এখন সংস্থার প্রধান লক্ষ্য। তিনি উল্লেখ করেন, ২০২৩ সালে একই প্রদর্শনীতে ইরান ৫০টি রেডিওফার্মাসিউটিক্যাল উৎপাদনের ঘোষণা দিয়েছিল। বর্তমানে সেই সংখ্যা বেড়ে ৭০টিতে পৌঁছেছে এবং আরও অন্তত ২০টি রেডিওফার্মাসিউটিক্যাল গবেষণার পর্যায়ে রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এই নতুন সাফল্যগুলো ইরানের চিকিৎসা বিজ্ঞান ও পারমাণবিক গবেষণায় দেশটির সক্ষমতাকে আরও সুদৃঢ় করবে এবং আন্তর্জাতিক পরিসরে প্রযুক্তিগত অগ্রগতির অবস্থানকে শক্তিশালী করবে।

শেয়ার করুন