শনিবার, ২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ইউক্রেনের আরেকটি গ্রাম দখলের দাবি রাশিয়ার

সংগৃহীত ছবি

রাশিয়া জানিয়েছে, ইউক্রেনের জাপোরিঝঝিয়া অঞ্চলে হুলিয়াইপোলের উত্তর-পশ্চিমে অবস্থিত ভারভারিভকা গ্রাম তাদের নিয়ন্ত্রণে এসেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য একটি বিবৃতিতে জানিয়েছে।

হুলিয়াইপোল শহর দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ ফ্রন্টলাইন এলাকা। গত ১ ডিসেম্বর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সামরিক কমান্ড পোস্ট সফরের সময় রাশিয়ান কমান্ডার আন্দ্রেই ইভানায়েভ দাবি করেছিলেন, রুশ বাহিনী হুলিয়াইপোল গ্রামে প্রবেশ করে এর উপকণ্ঠে অবস্থান নিয়েছে।

তবে ইউক্রেন দুই দিন পরই এই দাবি অস্বীকার করেছে। ইউক্রেনীয় সামরিক মুখপাত্র ভ্লাদিস্লাভ ভলোশিন বলেছেন, রুশ সেনারা হুলিয়াইপোল শহরের যোগাযোগ ও সরবরাহ পথ বিচ্ছিন্ন করে শহরটি ঘিরে ফেলার চেষ্টা করছে।

এছাড়া ইউক্রেনের জেনারেল স্টাফ জানায়, হুলিয়াইপোল ফ্রন্টে রাশিয়ার ১৯টি হামলা তাদের সেনারা প্রতিহত করেছে। তবে ভারভারিভকা গ্রামের বিষয়ে কোনো উল্লেখ নেই।

চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে রাশিয়ার দাবির স্বাধীন যাচাই করা সম্ভব হয়নি।

তথ্যসূত্র: আনাদোলু
শেয়ার করুন