রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাতজুড়ে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের মোট ২৩৫টি মানববিহীন আকাশযান (ইউএভি) প্রতিহত ও ধ্বংস করেছে।
মন্ত্রণালয়ের প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ‘রাতে দায়িত্বে থাকা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে মোট ২৩৫টি ইউক্রেনীয় বিমান-ধরনের মানববিহীন আকাশযান (ড্রোন) প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।’
বিবরণ অনুযায়ী, প্রথম দফায় ১৩ ডিসেম্বর মস্কো সময় রাত ৮টা থেকে রাত ১১টার মধ্যে দায়িত্বপ্রাপ্ত আকাশ প্রতিরক্ষা ইউনিট ৯৪টি ইউক্রেনীয় বিমান-ধরনের ইউএভি ভূপাতিত করে। এরপর দ্বিতীয় দফায় রাত ১১টা থেকে ১৪ ডিসেম্বর সকাল ৭টা পর্যন্ত আরও ১৪১টি ইউক্রেনীয় মানববিহীন আকাশযান প্রতিহত ও ধ্বংস করা হয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, ১৩ ডিসেম্বর রাত ১১টা থেকে ১৪ ডিসেম্বর সকাল ৭টার মধ্যে ভূপাতিত হওয়া ১৪১টি ইউএভির মধ্যে ৩৫টি ব্রিয়ানস্ক অঞ্চলে, ৩২টি ক্রিমিয়া প্রজাতন্ত্রে, ২২টি ক্রাসনোদার অঞ্চলে, ১৫টি তুলা অঞ্চলে, ১৩টি কালুগা অঞ্চলে, সাতটি কুরস্ক অঞ্চলে, চারটি রিয়াজান অঞ্চলে, চারটি রোস্তভ অঞ্চলে, তিনটি বেলগোরোদ অঞ্চলে, দুটি লেনিনগ্রাদ অঞ্চলে এবং একটি করে স্মোলেনস্ক, প্সকভ, নোভগোরোদ ও মস্কো অঞ্চলে ধ্বংস করা হয়েছে।
সূত্র: তাস ডটকম





