রবিবার, ৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

পুতিন–এরদোয়ান বৈঠকে ঢুকে পড়েন পাকিস্তানের প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

তুর্কমেনিস্তানের স্থায়ী নিরপেক্ষতার ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক ফোরামে রাশিয়া, তুরস্ক ও ইরানের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে ঘটে গেছে এক অস্বাভাবিক কূটনৈতিক ঘটনা। আলোচনার কেন্দ্রে চলে এসেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের একটি অনাকাঙ্ক্ষিত পদক্ষেপ।

শুক্রবার ফোরামের ফাঁকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শাহবাজ শরিফের একটি নির্ধারিত দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা ছিল। তবে বৈঠকটি সময়মতো শুরু না হওয়ায় পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয়।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটি ইন্ডিয়ার প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, দীর্ঘ অপেক্ষার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী হঠাৎ করেই পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের চলমান রুদ্ধদ্বার বৈঠকের কক্ষে প্রবেশ করেন।

আরটি ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, শাহবাজ শরিফ ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার পাশের একটি কক্ষে প্রায় ৪০ মিনিট অপেক্ষা করেন। এরপর ধৈর্যচ্যুত হয়ে তিনি সেই কক্ষে ঢুকে পড়েন, যেখানে তখন পুতিন ও এরদোয়ানের বৈঠক চলছিল। তিনি অনুমতি পেয়ে প্রবেশ করেছিলেন, নাকি নিজ উদ্যোগে ঢুকেছেন—সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য নেই।

জানা গেছে, সভাকক্ষে ঢোকার প্রায় ১০ মিনিট পর শাহবাজ শরিফ সেখান থেকে বেরিয়ে যান।

এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক হাস্যরস ও সমালোচনার জন্ম দেয়। অনেক ব্যবহারকারী একে কূটনৈতিক শিষ্টাচার ভঙ্গের উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

পরবর্তীতে সম্ভাব্য ‘ভুল বোঝাবুঝির’ কথা উল্লেখ করে ভিডিওটি সরিয়ে নেয় আরটি ইন্ডিয়া। এক্সে দেওয়া এক পোস্টে সংবাদমাধ্যমটি জানায়, তুর্কমেনিস্তানে পুতিনের সঙ্গে সাক্ষাৎ ঘিরে পাকিস্তানের প্রধানমন্ত্রীর অপেক্ষা সংক্রান্ত আগের পোস্টটি মুছে ফেলা হয়েছে, কারণ সেটি ঘটনাটির ভুল ব্যাখ্যা তৈরি করতে পারে।

উল্লেখ্য, তুর্কমেনিস্তান ৩০ বছর আগে নিজেকে স্থায়ীভাবে নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। ১৯৯৫ সালের ১২ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ সর্বসম্মতিক্রমে এই অবস্থানকে স্বীকৃতি দেয়। নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে দেশটি সামরিক জোটে যোগ না দেওয়া, আত্মরক্ষার বাইরে অন্য দেশের সংঘাতে অংশ না নেওয়া এবং নিজ ভূখণ্ডে বিদেশি সামরিক ঘাঁটি স্থাপনে নিষেধাজ্ঞার অঙ্গীকার করে।

শেয়ার করুন