রবিবার, ২১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তেলবাহী জাহাজ জব্দ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার উপকূল থেকে নিষেধাজ্ঞার আওতাভুক্ত একটি তেলবাহী জাহাজ জব্দ করেছে। বুধবার (১০ ডিসেম্বর) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ তথ্য জানান। জাহাজ জব্দের এই ঘটনা আন্তর্জাতিক বাজারে কাঁচা তেলের দাম বাড়িয়ে দিয়েছে।

ট্রাম্প বলেন, জব্দকৃত ট্যাংকারটি খুব বড় এবং এটি এখন পর্যন্ত আটক হওয়া জাহাজের মধ্যে সর্ববৃহৎ। জাহাজে থাকা তেলের ভবিষ্যৎ ব্যবহারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আমরা সম্ভবত এটি সংরক্ষণ করব।”

ভেনেজুয়েলা সরকার জব্দের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে। এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এ ধরনের পদক্ষেপ “জনসম্মুখে চৌর্যবৃত্তি” হিসেবে করেছে এবং এর আচরণ আন্তর্জাতিক জলদস্যুতার পর্যায়ের সঙ্গে তুলনীয়। তারা জানিয়েছে, ঘটনার তথ্য আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে পাঠানো হবে।

২০১৯ সাল থেকে বলবৎ মার্কিন নিষেধাজ্ঞার পর এটি ভেনেজুয়েলার প্রথম তেলবাহী কার্গো যা জব্দ হলো। ট্রাম্প প্রশাসন সাম্প্রতিক মাসগুলোতে ভেনেজুয়েলায় সামরিক উপস্থিতি বাড়িয়েছে এবং এ জব্দ ছিল প্রশাসনের প্রথম সরাসরি পদক্ষেপ।

যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই সন্দেহভাজন মাদক পরিবহনকারী জাহাজে একাধিক অভিযান পরিচালনা করেছে, যা আইনজ্ঞদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি জানিয়েছেন, এফবিআই, হোমল্যান্ড সিকিউরিটি, কোস্ট গার্ড ও সামরিক বাহিনীর সমন্বয়ে ভেনেজুয়েলা ও ইরান থেকে নিষিদ্ধ তেল পরিবহনে ব্যবহৃত জাহাজ জব্দের ওয়ারেন্ট কার্যকর করা হয়েছে।

সংক্ষিপ্ত ভিডিও ফুটেজে দেখা গেছে—দুটি হেলিকপ্টার জাহাজের কাছে পৌঁছে, ক্যামোফ্লাজ পরিহিত সশস্ত্র ব্যক্তিরা দড়ি বেয়ে জাহাজে ওঠে। তবে প্রশাসন জাহাজের নাম বা অবস্থান প্রকাশ করেনি।

ব্রিটিশ মেরিটাইম রিস্ক সংস্থা ভ্যানগার্ড ধারণা করছে, জব্দকৃত জাহাজটির নাম ‘স্কিপার’। যুক্তরাষ্ট্রের অভিযোগ, জাহাজটি পূর্বে ‘আদিসা’ নামে পরিচিত অবস্থায় ইরানি তেল পরিবহনে যুক্ত ছিল।

‘স্কিপার’ জাহাজ ৪ থেকে ৫ ডিসেম্বরের মধ্যে ভেনেজুয়েলার প্রধান তেলবন্দর হোসে থেকে প্রায় ১৮ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বহন করে রওনা দেয়। পরে তেলের কিছু অংশ কুরাসাওতে ‘নেপচুন ৬’ নামের পানামা-ফ্ল্যাগ জাহাজে স্থানান্তর করা হয়, যা কিউবার পথে যাচ্ছিল। গায়ানার মেরিটাইম কর্তৃপক্ষ জানায়, জাহাজটি তাদের দেশের পতাকা জালিয়াতি করে ব্যবহার করছিল।

পিডিভিএসএ’র তথ্য অনুযায়ী, জাহাজটি ২০২১ থেকে ২০২২ সালের মধ্যে ভেনেজুয়েলার তেল এশিয়ায় পরিবহন করেছিল। জব্দের খবরের পর ব্রেন্ট ক্রুড ২৭ সেন্ট বা ০.৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৬২.২১ ডলারে লেনদেন শেষ করে। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটও ২১ সেন্ট বা ০.৪ শতাংশ বেড়ে ৫৮.৪৬ ডলারে লেনদেন শেষ করে।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বুধবার এক সমাবেশে বক্তব্য রাখলেও জাহাজ জব্দের বিষয়ে মন্তব্য করেননি।

শেয়ার করুন