মঙ্গলবার ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, “যোগ্য ও যাচাই করা আগ্রহীদের জন্য গুরুত্বপূর্ণ খবর! ট্রাম্প গোল্ড ভিসা কার্যকর হয়েছে। এটি মার্কিন নাগরিকত্ব অর্জনের জন্য সরাসরি পথ হিসেবে কাজ করবে। আমাদের বিশাল মার্কিন কোম্পানিগুলো মেধাবী কর্মী ধরে রাখতে পারবে।”
মার্কিন কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, এই ভিসার জন্য আগ্রহী ব্যক্তিদের প্রথমে ট্রাম্পকার্ড ডট গভ নামের ওয়েবসাইটে যেতে হবে। সেখানে ‘অ্যাপ্লাই নাউ’ বোতামে ক্লিক করলে আবেদন ফরম পাওয়া যাবে। ফরম পূরণ ও জমা দেওয়ার সময় ১৫ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় ১৮ লাখ ২১ হাজার ৯৬৪ টাকা) ফি দিতে হবে। ভিসা প্রক্রিয়ার এই ফি সংগ্রহ করবে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় (ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি)।
আবেদন যাচাই হয়ে গেলে আবেদনকারীকে জানানো হবে এবং পরে ভিসার জন্য একটি ‘চাঁদা’ হিসেবে ১০ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় ১২ কোটি ১৪ লাখ ৬৪ হাজার ৩০০ টাকা) দিতে হবে। ট্রাম্পকার্ড ডট গভ ওয়েবসাইটে এই চাঁদাকে উপহার হিসেবে উল্লেখ করা হয়েছে। নতুন ট্রাম্প গোল্ড ভিসার মর্যাদা গ্রিন কার্ডের সমতুল্য, যার মতো ভিসাধারীরাও যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস ও কাজ করার অনুমতি পাবেন।
মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, “ভিসাটি মূলত গ্রিন কার্ডের সমতুল্য, তবে এটি প্রচলিত গ্রিন কার্ডের তুলনায় অনেক শক্তিশালী এবং নাগরিকত্ব লাভের জন্য সেরা পথ।”
যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক রয়টার্সকে জানিয়েছেন, ওয়েবসাইটের প্রাক-নিবন্ধন পর্যায়ে ইতিমধ্যেই প্রায় ১০ হাজার মানুষ ট্রাম্প গোল্ড কার্ড ভিসার জন্য আবেদন করেছেন। তিনি আশা করছেন, আবেদনকারী সংখ্যা আরও অনেক বাড়বে।
লুটনিক রয়টার্সকে বলেন, “সময়ের সঙ্গে সঙ্গে আমরা হাজার হাজার ভিসা প্রদান করতে পারব এবং শত শত কোটি ডলার আয় করতে সক্ষম হব।”
উল্লেখ্য, ২০২৫ সালের ২০ জানুয়ারি ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পরই তার প্রশাসন দেশে অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণের কঠোর অভিযান শুরু করেছে। ইতোমধ্যেই হাজার হাজার নথিহীন অভিবাসীকে গ্রেপ্তার করে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। বিভিন্ন কারাগারে আরও কয়েক হাজার অবৈধ অভিবাসী আটক রয়েছেন।
রাজনীতিবিদ ও বিশ্লেষকদের মতে, ট্রাম্প গোল্ড ভিসা নতুন নিয়মের মাধ্যমে একদিকে অভিবাসনের ভারসাম্য আনছে, অন্যদিকে মার্কিন কোষাগারে প্রচুর অর্থ প্রবাহও নিশ্চিত করবে।





