যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কোকোয়া শহরে গত সোমবার সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে এক ব্যতিক্রমী দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় সময়, ছোট একটি বিমান চলন্ত গাড়ির ওপর আছড়ে পড়ে।
দুর্ঘটনায় গাড়ির চালক সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছেন। ঘটনার ভিডিও ইতোমধ্যে এক্সসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ফ্লোরিডা হাইওয়ে পেট্রোল পুলিশের বরাতে জানা গেছে, আই-১৯ মহাসড়কের ওপর জরুরি অবতরণের সময় টয়োটা ক্যাম্রি গাড়ির ওপর বিমানটি এসে পড়ে। গাড়িটি চালাচ্ছিলেন ৫৭ বছর বয়সী একজন নারী। বিমানে ছিলেন দুই ব্যক্তি পাইলট এবং যাত্রী, উভয়ের বয়স ২৭ বছর।
দুর্ঘটনার পর তিনজনকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতাল করা হয়। পুলিশ জানিয়েছে, গাড়ির চালক সামান্য আহত হয়েছেন, তবে বিমানের পাইলট ও যাত্রী পুরোপুরি নিরাপদ আছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বিমানের ইঞ্জিনে সমস্যা দেখা দেওয়ায় পাইলট জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। তিনি মহাসড়কের পাশে খালি জায়গায় অবতরণের চেষ্টা করেছিলেন। কিন্তু ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ায় ঠিক মতো পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হয়নি এবং বিমান গাড়ির ওপর আছড়ে পড়ে।





