ছবি: সংগৃহীত
তুরস্কের দক্ষিণাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ মহাসড়কে যাত্রীবাহী বাস ও একটি লরির মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) সংঘটিত এ দুর্ঘটনায় আরও অন্তত ১১ জন যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
স্থানীয় গভর্নরের দপ্তরের বরাতে ইস্তাম্বুল থেকে বার্তা সংস্থা এএফপি এ তথ্য নিশ্চিত করেছে।
তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে জানায়, শনিবার ভোরের দিকে আদানা-গাজিয়ানটেপ মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষের সময় বাসটি পেছন দিক থেকে লরিতে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় বাসটির একটি টায়ার ফেটে যায় এবং গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে।
ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, বাসটির সামনের ডান পাশ সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে গেছে। ঠিক ওই অংশ দিয়েই বাসটি লরির পেছনে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনাস্থলটি গাজিয়ানটেপ শহরের প্রায় ৯০ কিলোমিটার (৫৫ মাইল) পশ্চিমে অবস্থিত।
গভর্নরের দপ্তরের উদ্ধৃতি দিয়ে আনাদোলু জানায়, নিহত ও আহত সবাই ওই বাসের যাত্রী ছিলেন। দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু হয় এবং তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে বলে জানিয়েছে প্রশাসন।
দুর্ঘটনায় লরিচালক জীবিত রয়েছেন। পুলিশ তাকে আটক করেছে এবং দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে। এ ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে সংশ্লিষ্ট মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
সূত্র: আল আরাবিয়া





