শনিবার, ২৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ভারতকে বাদ দিয়ে বাংলাদেশ–চীনকে সঙ্গে নিয়ে জোট গড়তে চায় পাকিস্তান

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) দীর্ঘদিন ধরে কার্যত অচল থাকায় এবার ভারতকে বাইরে রেখে বাংলাদেশ ও চীনকে নিয়ে আলাদা একটি আঞ্চলিক জোট গঠনের উদ্যোগের কথা জানিয়েছে পাকিস্তান। দক্ষিণ এশিয়ায় নতুন ভূ-রাজনৈতিক বলয় তৈরি করতে এই ত্রিমুখী কাঠামোকে একটি শক্তিশালী প্ল্যাটফর্মে রূপ দিতে চায় ইসলামাবাদ।

গত বুধবার অনুষ্ঠিত ‘ইসলামাবাদ কনক্লেভ’-এ পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, আঞ্চলিক সহযোগিতা কোনো এক দেশের ‘একগুঁয়েমি’র কারণে যেন দীর্ঘদিন ধরে জিম্মি হয়ে না থাকে। যদিও তিনি সরাসরি কোনো দেশের নাম বলেননি, তার বক্তব্যের ইঙ্গিত ছিল ভারতের দিকেই। তিনি আরও বলেন, অর্থনীতি, প্রযুক্তি ও সংযোগ খাতে নতুন ধরনের সহযোগিতা কাঠামো গড়ে তোলা এখন সময়ের দাবি।

বিশ্লেষকদের মতে, আগস্টে বাংলাদেশে ছাত্র-জনতার আন্দোলনের পর শেখ হাসিনার পতনের পর থেকেই দিল্লি ও ঢাকার সম্পর্ক কিছুটা শীতল হয়ে পড়ে। এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে পাকিস্তান দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব কমাতে চীনের সঙ্গে সমন্বয় করে নতুন শক্তির সমীকরণ সৃষ্টি করতে চাইছে। উল্লেখযোগ্য বিষয় হলো, গত জুন মাসে চীনের কুনমিংয়ে চীন–পাকিস্তান–বাংলাদেশ কূটনীতিকদের একটি ত্রিপক্ষীয় বৈঠকও অনুষ্ঠিত হয়েছিল।

ভারত ও পাকিস্তানের দীর্ঘদিনের বৈরিতার কারণে সার্ক কার্যত অকার্যকর হয়ে পড়েছে। বিশ্বব্যাংকের তথ্যমতে, বিশাল সম্ভাবনা থাকা সত্ত্বেও সার্কভুক্ত দেশগুলোর মধ্যে পারস্পরিক বাণিজ্য এখনো মাত্র ৫ শতাংশের মধ্যে সীমাবদ্ধ। এই স্থবিরতা কাটানো এবং আঞ্চলিক প্রভাব পুনরুদ্ধারের লক্ষ্যেই এখন বিকল্প জোটের পথে হাঁটছে পাকিস্তান।

তবে নেপাল, শ্রীলঙ্কা কিংবা মালদ্বীপ ভারতের অসন্তোষ উপেক্ষা করে সরাসরি এমন কোনও জোটে যুক্ত হবে কি না—সে বিষয়ে বিশেষজ্ঞদের মধ্যে সংশয় রয়েছে। তবুও পাকিস্তানের এই উদ্যোগ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন ধরনের মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে।

শেয়ার করুন