রবিবার, ২১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

স্বর্ণের বিশাল মজুদের আবিষ্কারের ঘোষণা ইরানের

ছবি : সংগৃহীত 

ইরান কর্তৃপক্ষ দেশটির শাদান স্বর্ণখনিতে বিশাল স্বর্ণ মজুদের আবিষ্কারের তথ্য জানিয়েছে। দেশের অন্যতম বৃহৎ এই খনি পূর্বাঞ্চলীয় দক্ষিণ খোরাসান প্রদেশে অবস্থিত। সোমবার (১ ডিসেম্বর) স্থানীয় গণমাধ্যম এ তথ্য প্রকাশ করেছে।

ফার্স নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, বেসরকারি মালিকানাধীন শাদান স্বর্ণখনিতে পাওয়া নতুন মজুতকে দেশের গুরুত্বপূর্ণ খনিগুলোর একটি হিসেবে বিবেচনা করা হচ্ছে। শিল্প, খনি ও বাণিজ্য মন্ত্রণালয় ইতোমধ্যে এই আবিষ্কারের সত্যতা অনুমোদন করেছে।

নতুন আবিষ্কারের ফলে শাদান খনির মোট স্বর্ণ মজুত উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এতে প্রায় ৭.৯৫ মিলিয়ন টন অক্সাইড স্বর্ণ আকরিক এবং ৫৩.১ মিলিয়ন টন সালফাইড স্বর্ণ আকরিক রয়েছে। তুলনামূলকভাবে সহজে উত্তোলনযোগ্য অক্সাইড আকরিক ইরানের খনিশিল্পে বড় সুবিধা হিসেবে দেখা হচ্ছে।

ইরান কখনোও জাতীয় স্বর্ণ মজুদের সুনির্দিষ্ট পরিমাণ প্রকাশ করেনি। তবে সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে স্বর্ণ ক্রয়ের প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত সেপ্টেম্বর কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোহাম্মদ রেজা ফারজিন জানান, ২০২৩–২৪ সালে ব্যাংকটি বিশ্বের শীর্ষ পাঁচ স্বর্ণ-ক্রয়কারী কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে একটি ছিল। নিষেধাজ্ঞার চাপ মোকাবিলায় স্বর্ণ মজুদের বৃদ্ধি দেশটির অর্থনীতিকে শক্তিশালী করবে বলে কর্মকর্তারা মনে করেন।

ইরানে বর্তমানে ১৫টি স্বর্ণখনি রয়েছে, যার মধ্যে উত্তর-পশ্চিমাঞ্চলের জারশোরান খনি সবচেয়ে বড়। দীর্ঘদিনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং অর্থনৈতিক চাপে ইরানের অর্থনীতি দুর্বল হয়ে পড়েছে। পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর অভিযোগের পাশাপাশি ইসরাইল–ইরান সংঘাত পরিস্থিতি আরও জটিল করেছে।

ডলারের বিপরীতে রিয়ালের ক্রমাগত অবমূল্যায়ন এবং তীব্র মুদ্রাস্ফীতির কারণে অনেক ইরানি স্বর্ণকে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচনা করছেন। সোমবার খোলা বাজারে এক ডলার প্রায় ১১ লাখ ৭০ হাজার রিয়াল এবং ইউরো প্রায় ১৩ লাখ ৬০ হাজার রিয়ালে লেনদেন হয়েছে। এই তথ্য বিনিময় হার পর্যবেক্ষণ সাইট ‘বনবাস্ট’ ও ‘আলানচান্ড’ থেকে জানা গেছে।

এর আগে সম্প্রতি পাকিস্তানেও স্বর্ণের বড় মজুদের আবিষ্কারের খবর জানানো হয়েছিল। গত মাসের শুরুর দিকে খাইবার পাখতুনখোয়া প্রদেশের তারবেলা এলাকায় পাওয়া এই মজুতের বর্তমান বাজারমূল্য প্রায় ৬৩৬ বিলিয়ন ডলার।

শেয়ার করুন