শনিবার, ২৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মাদুরোকে পদত্যাগ করার হুমকি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে অবিলম্বে ক্ষমতা ছাড়ার এবং দেশ ত্যাগের হুমকি দিয়েছেন। তবে মাদুরো তা প্রত্যাখ্যান করে নিজের ও ঘনিষ্ঠ মিত্রদের জন্য বৈশ্বিক আইনি সুরক্ষা চেয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক এক ফোনালাপে ট্রাম্প মাদুরোকে এই আলটিমেটাম দেন। রোববার সাংবাদিকদের কাছে ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাম্প। তিনি বলেন, ‘হ্যাঁ, আমাদের ফোনালাপ হয়েছে। আমি বলব না এটি ভালো হয়েছে নাকি খারাপ, এটি কেবল একটি ফোনকল ছিল।’

তবে গত ২১ নভেম্বরের ফোনালাপের বিস্তারিত তথ্য এখনো মার্কিন বা ভেনেজুয়েলার কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি।

মায়ামি হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প মাদুরোকে বলেছেন, ‘আপনি নিজেকে এবং আপনার মিত্রদের রক্ষা করতে পারেন, তবে শর্ত হলো—আপনাকে এখনই দেশ ত্যাগ করতে হবে।’ প্রেসিডেন্ট ট্রাম্প মাদুরোকে প্রস্তাব দেন, পদত্যাগ করলে তিনি নিজে, তার স্ত্রী ও পুত্রের জন্য নিরাপদ পালানোর ব্যবস্থা করবেন।

মাদুরো এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তিনি তার পরিবারসহ ঘনিষ্ঠ মিত্রদের জন্য বৈশ্বিক আইনি সুরক্ষা চেয়েছেন। এছাড়া নির্বাচনের প্রক্রিয়া ঘোষণা করলেও সামরিক বাহিনীর ওপর নিজের নিয়ন্ত্রণ বজায় রাখার দাবি করেন। অন্যদিকে ওয়াশিংটন মাদুরোর সব প্রস্তাব প্রত্যাখ্যান করে শিগগির ক্ষমতা ছাড়ার নির্দেশ দিয়েছে।

মায়ামি হেরাল্ড জানিয়েছে, প্রথম ফোনালাপটি ব্রাজিল, কাতার ও তুরস্কের মধ্যস্থতায় সম্পন্ন হয়। পরে ট্রাম্প যখন ভেনেজুয়েলার আকাশসীমা ‘সম্পূর্ণরূপে বন্ধ’ ঘোষণা করেন, তখন মাদুরো দ্বিতীয়বার ফোনালাপের চেষ্টা করেন, কিন্তু সাড়া পাননি।

এদিকে ট্রাম্পের এই আলটিমেটামের হুমকি বাস্তবে বড় সামরিক পদক্ষেপের মাধ্যমে কার্যকর হবে কিনা, তা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে। তবে একটি সূত্র জানিয়েছে, মাদুরো ও তার ঘনিষ্ঠ মিত্ররা এখনও মার্কিন সামরিক হুমকিকে ‘শূন্য আওয়াজ’ বলে মনে করছেন।

শেয়ার করুন