শনিবার, ২৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

পাকিস্তানে ইমরান খানের খোঁজ না মেলায় উত্তেজনা, রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান মারা গেছেন—এমন গুঞ্জনে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটি। গুঞ্জন দিন দিন তীব্র হয়ে উঠলেও তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। দেশটির বর্তমান সরকার ও রাওয়ালপিন্ডির আদিয়ালা কারা কর্তৃপক্ষও এই বিষয়ে কোনো তথ্য দিচ্ছে না। এ ছাড়া তার পরিবারের কেউও দীর্ঘদিন ধরে তার সঙ্গে দেখা করতে পারেননি।

এই পরিস্থিতিতে ইমরানের খোঁজ চাওয়ার দাবিতে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) রাওয়ালপিন্ডিতে বিক্ষোভের ডাক দিয়েছে। বিক্ষোভ ঠেকাতে স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করে সব ধরনের সভা ও সমাবেশ নিষিদ্ধ করেছে।

রাওয়ালপিন্ডির ডেপুটি কমিশনার হাসান ওয়াকার চীমা ঘোষণা করেছেন, ১ থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে। এর আওতায়—

  • যেকোনো ধরনের সভা, সমাবেশ, জমায়েত, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ, জনসভা এবং পাঁচ বা ততোধিক ব্যক্তির অনুরূপ যেকোনো সমাগম নিষিদ্ধ।

  • অস্ত্র, শূল, ভারযুক্ত লাঠি, গুলতি, বল-বেয়ারিং, পেট্রোল বোমা, হাতে তৈরি বিস্ফোরক বা সহিংসতায় ব্যবহার হতে পারে এমন যেকোনো সরঞ্জাম বহন করা যাবে না।

  • অস্ত্র প্রদর্শন (আইন প্রয়োগকারী সংস্থার বহন করা অস্ত্র ছাড়া) এবং আপত্তিকর বা বিদ্বেষমূলক বক্তব্য দেওয়া যাবে না।

  • মানুষের সমাগম বা যান চলাচল নিয়ন্ত্রণের জন্য পুলিশের আরোপ করা কোনো নিষেধাজ্ঞা অপসারণের চেষ্টা করা যাবে না।

  • মোটরসাইকেলের পেছনে কোনো আরোহী নেওয়া যাবে না।

  • মাইক্রোফোন বা লাউডস্পিকার ব্যবহার করা যাবে না।

সরকারি ঘোষণায় বলা হয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

শেয়ার করুন