মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলকে সতর্ক করেছেন যে, সিরিয়ার সঙ্গে ‘দৃঢ় ও প্রগাঢ় সংলাপ’ বজায় রাখা উচিত এবং কোনো পরিস্থিতি তৈরি করা যাবে না যা দেশটির অগ্রযাত্রায় বাধা সৃষ্টি করে। তিনি বলেন, সিরিয়াকে যেন একটি সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতে দেওয়া যায়, সেই জন্য এ ধরনের হস্তক্ষেপ থেকে বিরত থাকা জরুরি।
সোমবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প এ আহ্বান জানান। তার মন্তব্য এমন সময় এসেছে যখন কয়েক দিন আগে ইসরাইল সিরিয়ার ভেতরে নতুন হামলা চালিয়েছিল। ওই হামলায় দামেস্কের উপকণ্ঠে ১৩ জন নিহত হয়। সিরিয়ার নবগঠিত সরকার এই হামলাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে নিন্দা জানিয়েছে।
সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বেইত জিন্ন এলাকায় ইসরাইল নৃশংস ও পরিকল্পিত গোলাবর্ষণ চালিয়েছে। তারা বলেছে, এই হামলা সম্পূর্ণভাবে যুদ্ধাপরাধের শামিল। যদিও ট্রাম্প সরাসরি ওই হামলার উল্লেখ করেননি, তিনি সিরিয়ার নতুন সরকারের কার্যক্রমের প্রশংসা করেছেন।
ট্রাম্প বলেন, বহু বছরের গৃহযুদ্ধের কারণে সিরিয়ায় যে সাম্প্রদায়িক অবিশ্বাস তৈরি হয়েছে, নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা তা দূর করে দেশকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন। যুক্তরাষ্ট্র সিরিয়ার উন্নয়ন প্রক্রিয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছে এবং ট্রাম্প বলেন, তারা সর্বোচ্চ চেষ্টা করছে যাতে সিরিয়ার সরকার তাদের লক্ষ্যে অটল থেকে একটি সত্যিকারের সমৃদ্ধ রাষ্ট্র গড়ে তুলতে পারে।
গত বছর ডিসেম্বরে দীর্ঘদিন ক্ষমতাসীন থাকা বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর দক্ষিণাঞ্চলে ইসরাইলের দখল বিস্তার এবং এ ধরনের হামলার ধারাবাহিকতা লক্ষ্য করা গেছে। ট্রাম্পের মন্তব্যের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র স্পষ্ট করেছে, তারা সিরিয়ার শান্তি ও পুনর্গঠন প্রক্রিয়ায় জোরদার ভূমিকা রাখবে এবং যেকোনো সামরিক হস্তক্ষেপ এড়ানো জরুরি।
সূত্র: আল-জাজিরা





