শনিবার, ২৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ইউক্রেনের কৌশলগত শহর পোকরোভস্ক দখলের দাবি রাশিয়ার

ছবি: সংগৃহীত

পূর্ব ইউক্রেনের কৌশলগত শহর পোকরোভস্ক দখলের দাবি করেছে রাশিয়া। সোমবার (১ ডিসেম্বর) মস্কো এ দাবি জানায়। তবে ইউক্রেন বিষয়টি সরাসরি অস্বীকার করে বলেছে— যুদ্ধবিরতি আলোচনাকে প্রভাবিত করতেই রাশিয়া এমন দাবি ছড়াচ্ছে

দীর্ঘদিন ধরেই এই শহরটিকে কেন্দ্র করে তীব্র যুদ্ধ চলছিল। শহরটি দখলে নিতে গিয়ে রাশিয়ার অনেক সেনা নিহত–আহত হয়েছে, পাশাপাশি প্রাণ হারিয়েছেন বহু ইউক্রেনীয় সেনাও।

এ ঘটনার কয়েক ঘণ্টা আগেই যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যুদ্ধ বন্ধের আলোচনা নিয়ে বৈঠকে বসেছিলেন মার্কিন ও ইউক্রেনীয় উচ্চপদস্থ কর্মকর্তারা। এর পরপরই পোকরোভস্ক দখলের দাবি জানায় রাশিয়া।

ইউক্রেনের অপতথ্য প্রতিরোধ কেন্দ্রের প্রধান আন্দ্রি কোভালেঙ্কো বলেছেন, আগামী কয়েক সপ্তাহ রাশিয়া এ ধরনের তথ্য ছড়াবে—যুদ্ধক্ষেত্রে প্রভাব তৈরির উদ্দেশ্যে এবং পশ্চিমাদের মনোভাব বদলানোর জন্য।

এর আগে সোমবার সকালে ইউক্রেনের সেনাবাহিনী জানায়, প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও তারা এখনো পোকরোভস্ক ও আশপাশের এলাকার নিয়ন্ত্রণ ধরে রেখেছে এবং রুশ বাহিনীকে প্রতিহত করছে।

গত রোববার সম্মুখ সারিতে সেনাদের সঙ্গে দেখা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তখনই দেশটির সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমোভ তাকে শহরটি দখলের তথ্য জানান। পরে প্রকাশিত এক ভিডিওতে পোকরোভস্কের কেন্দ্রস্থলে রাশিয়ার পতাকা টানানোর দৃশ্য দেখা যায়, যা সিএনএন যাচাই করে।

সড়ক ও রেল যোগাযোগের বড় হাব হওয়ায় পোকরোভস্ক ইউক্রেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তবে রাশিয়ার ধারাবাহিক ড্রোন হামলায় রুট ক্ষতিগ্রস্ত হওয়ায় ইউক্রেন রসদ সরবরাহে বিকল্প পথ ব্যবহার শুরু করেছে।

তথ্যসূত্র: সিএনএন

শেয়ার করুন