শনিবার, ২৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ক্ষমা প্রার্থনার পর প্রথমবার আদালতে নেতানিয়াহু

ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের দুর্নীতি মামলায় ইসরায়েলের প্রেসিডেন্টের কাছে ক্ষমা চেয়ে আনুষ্ঠানিক আবেদন করার পর সোমবার প্রথমবার আদালতে হাজির হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন ঘনিষ্ঠ মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

অন্যদিকে দেশের বিরোধী নেতারা এই আবেদনকে সরাসরি বিরোধিতা করেছেন। তাদের দাবি, কোনো ধরনের ক্ষমা বিবেচনা করতে হলে নেতানিয়াহুকে আগে রাজনৈতিক জীবন থেকে অবসর নিতে হবে এবং অপরাধের দায় স্বীকার করতে হবে। কেউ কেউ আবার বলছেন, ক্ষমা চাওয়ার আগে প্রধানমন্ত্রীকে অবশ্যই জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। নিয়ম অনুযায়ী ইসরায়েলের পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৬ সালের অক্টোবরে।

সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট মনে করেন, নেতানিয়াহু যদি ‘রাষ্ট্রকে বর্তমান অস্থিরতা থেকে বের করে আনতে’ রাজনীতি থেকে সরে দাঁড়াতে প্রস্তুত থাকেন, তাহলে বিচারপ্রক্রিয়া বন্ধের পক্ষেই থাকবেন তিনি। বেনেট বলেন, এতে দেশ আবার ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ পাবে এবং পুনর্গঠনের পথ তৈরি হবে। ২০২১ সালের নির্বাচনে তার নেতৃত্বাধীন জোট সরকারই একসময় নেতানিয়াহুকে ক্ষমতার বাইরে পাঠিয়েছিল।

তবে পরের বছর নির্বাচনে আবার জিতে ক্ষমতায় ফেরেন নেতানিয়াহু।

সাম্প্রতিক জরিপে দেখা যাচ্ছে—নেতানিয়াহু পদ ছাড়লে দেশের আগামী প্রধানমন্ত্রী হিসেবে সবচেয়ে এগিয়ে থাকবেন নাফতালি বেনেট।

শেয়ার করুন