শনিবার, ২৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রেমিকা জোডি হেইডনের সঙ্গে বিয়ে সম্পন্ন করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ দায়িত্বে থাকা অবস্থায় তার প্রেমিকা জোডি হেইডনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এটি দায়িত্বে থাকা অবস্থায় দেশের কোনো প্রধানমন্ত্রীর প্রথম বিয়ে।

৬২ বছর বয়সী আলবানিজ ক্যানবেরার সরকারি বাসভবন ‘দ্য লজ’-এর বাগানে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে বিবাহ সম্পন্ন করেন। জোডি হেইডন ফাইন্যান্স খাতের একজন পেশাদার।

সামাজিক যোগাযোগমাধ্যমে আলবানিজ শুধুমাত্র একটি শব্দ লিখেন—“ম্যারিড”। পোস্টে নবদম্পতির হাত ধরে হাঁটার একটি ভিডিওও ছিল, যেখানে তারা হাসিমুখে ধীরে ধীরে এগোচ্ছিলেন।

এক যৌথ বিবৃতিতে তারা বলেন, “আমরা অত্যন্ত আনন্দিত। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সামনে আমাদের ভালোবাসা ও একসাথে ভবিষ্যৎ জীবন কাটানোর অঙ্গীকার শেয়ার করতে পেরে ধন্য।”

২০২৪ সালের ভ্যালেন্টাইনস ডেতে প্রস্তাব দেওয়ার এক বছরেরও বেশি সময় পর এ বিয়ে সম্পন্ন হলো। তখন আলবানিজ জানিয়েছিলেন, তিনি এমন একজনকে পেয়েছেন যার সঙ্গে জীবন কাটাতে চান।

নবদম্পতি সোমবার থেকে অস্ট্রেলিয়ার ভেতরেই পাঁচ দিনের হানিমুন উপভোগ করবেন।

প্রধানমন্ত্রী আলবানিজ ২০১৯ সালে তার আগের স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ করেছেন। তার এক প্রাপ্তবয়স্ক ছেলে রয়েছে। পাঁচ বছরেরও বেশি আগে মেলবোর্নে একটি ব্যবসায়িক ডিনারে আলবানিজের সঙ্গে জোডি হেইডনের পরিচয় হয়।

লেবার পার্টির এই নেতা চলতি বছরের মে মাসে দ্বিতীয়বারের মতো তিন বছরের মেয়াদের জন্য বিপুল ব্যবধানে নির্বাচিত হন। স্কুলজীবন থেকেই আলবানিজ লেবার পার্টির সঙ্গে যুক্ত ছিলেন এবং সিডনি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতিতেও সক্রিয় ছিলেন।

শেয়ার করুন