পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের উপদেষ্টা রানা সানাউল্লাহ অভিযোগ করেছেন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর প্রতিষ্ঠাতা ইমরান খান কারাগার থেকে দেশজুড়ে আন্দোলনের নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছেন।
শুক্রবার (২৮ নভেম্বর) ‘মেরে সওয়াল উইথ আবসার আলম’ অনুষ্ঠানে সানাউল্লাহ বলেন, “ইমরান খান সবসময় লং মার্চের ডাক দিয়েছেন এবং অস্থিরতা সৃষ্টির চেষ্টা করে চলেছেন।” তিনি আরও যোগ করেন, “চার বছর দেশের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি কোনো সংলাপে অংশগ্রহণ করেননি। এখনো বিরোধীদের সঙ্গে আলোচনার বিরোধিতা করছেন।”
তিনি দাবি করেন, কারা কর্তৃপক্ষের মতে ইমরান খানের শারীরিক অবস্থা মোটামুটি ভালো রয়েছে।
অন্যদিকে, পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ) বেসরকারিকরণ বিষয়ে মন্তব্য করতে গিয়ে সানাউল্লাহ বলেন, “সরকার পিআইএ বেসরকারিকরণের দিকে মনোযোগ দিচ্ছে। প্রধানমন্ত্রী কঠোর পরিশ্রম করছেন এবং পাকিস্তান ধীরে ধীরে অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠবে।”
তবে, পিটিআই-এর একাধিক সূত্র দাবি করেছে, ইমরান খানকে আদিয়ালা কারাগারে অত্যন্ত কঠোরভাবে বন্দি রাখা হয়েছে। তারা বলেন, তাকে শারীরিকভাবে আঘাত করা হয়েছে এবং তিনি প্রায় সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। এছাড়া তার পরিবারের সদস্য বা আইনজীবীদের সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ যোগাযোগের সুযোগ নেই।





