তাজিকিস্তানের সীমান্ত এলাকায় আফগানিস্তান দিক থেকে আসা ড্রোন হামলায় তিন চীনা নাগরিক প্রাণ হারিয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই জন চীনা কর্মী।
শুক্রবার (২৮ নভেম্বর) দুশানবেতে অবস্থিত চীনা দূতাবাস এক বিবৃতিতে ঘটনাটি নিশ্চিত করে।
আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, গত বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খাতলন প্রদেশে ড্রোনটি বিস্ফোরিত হয়। তবে হামলায় কারা জড়িত—সে বিষয়ে দূতাবাস কোনো মন্তব্য করেনি। এ ঘটনার তদন্তে তাজিকিস্তানকে অনুরোধ জানিয়েছে বেইজিং।
পরদিন (২৭ নভেম্বর) তাজিকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ড্রোনটি আফগানিস্তান থেকে প্রবেশ করে চীনা খনি প্রতিষ্ঠান এলএলসি শাহিন এসএম-এর স্থাপনায় আঘাত হানে। ড্রোনটির সঙ্গে গ্রেনেড যুক্ত ছিল এবং নিহত তিনজনই ওই প্রতিষ্ঠানের কর্মী।
ঘটনার পর আফগান তালেবান সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয়েছে, যদিও কাবুল এখনো কোনো বিবৃতি দেয়নি।
সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানের বেলুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়ায় বিভিন্ন সময়ে চীনা নাগরিকদের ওপর হামলা হয়েছে। এসব হামলার জন্য বিদ্রোহী সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-কে দায়ী করে আসছে পাকিস্তান সরকার।





