শনিবার, ২৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ইউক্রেন যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্তে রাশিয়ায় বিশেষ দূত পাঠাচ্ছেন ট্রাম্প

রাশিয়া–ইউক্রেন যুদ্ধ বন্ধে সম্ভাব্য চুক্তি চূড়ান্ত করতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের জন্য বিশেষ দূত স্টিভ উইটকফকে মস্কো পাঠাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২৫ নভেম্বর) ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন।

ট্রাম্প জানান, আলোচনার অগ্রগতি এখন এমন অবস্থায় পৌঁছেছে যেখানে “মাত্র কয়েকটি বিষয়ে মতবিরোধ বাকি আছে।” যদিও ইউরোপীয় নেতারা সে দাবি পুরোপুরি গ্রহণ করতে পারছেন না এবং এর মধ্যেই কিয়েভের ওপর রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে।

ট্রাম্প আরও আশা প্রকাশ করেন, চুক্তি চূড়ান্ত হওয়ার পর তিনি পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করবেন। তবে চুক্তি সম্পন্ন না হলে এই সাক্ষাৎ হবে না বলে স্পষ্ট করেন তিনি।

রাশিয়া–ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রথম প্রস্তাবিত ২৮ দফা পরিকল্পনা মস্কোর স্বার্থে তৈরি হয়েছিল বলে বিভিন্ন মাধ্যমে অভিযোগ ওঠে। পরবর্তীতে ইউক্রেনের পক্ষে পরিকল্পনাটি সংশোধন করে নতুন সংস্করণ উপস্থাপন করে কিয়েভের ইউরোপীয় মিত্ররা। নতুন সংস্করণটি “উল্লেখযোগ্যভাবে উন্নত” বলে মন্তব্য করেছেন আলোচনার সঙ্গে পরিচিত একজন কর্মকর্তা। তবে মার্কিন কর্মকর্তারা স্বীকার করছেন যে এখনো কয়েকটি সূক্ষ্ম ইস্যু সমাধান হওয়া বাকি।

এদিকে, ট্রাম্পের বিতর্কিত প্রাথমিক পরিকল্পনা ঘিরে জেনেভায় ইউক্রেনীয় ও মার্কিন প্রতিনিধিদের বৈঠকের পর থেকেই উত্তপ্ত আলোচনা চলছে। মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, বিষয়টি নিয়ে সর্বশেষ যুক্তরাষ্ট্র, রাশিয়া ও অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের আলোচনা অনুষ্ঠিত হচ্ছে আবুধাবিতে। এছাড়া ইউক্রেনকে সমর্থনকারী ৩০ দেশের প্রতিনিধিরাও মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেছেন।

সূত্র: আল জাজিরা

শেয়ার করুন