বুধবার, ৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

গাজায় স্থায়ী শান্তি স্থাপন সবচেয়ে জরুরি: জাতিসংঘে চীনা প্রতিনিধি

গাজায় স্থায়ী যুদ্ধবিরতি অর্জন করাই এখন প্রধান অগ্রাধিকার। এ কথা জানিয়েছেন জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছোং। সোমবার নিরাপত্তা পরিষদে তিনি বলেন, গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপের চুক্তি কার্যকর থাকলেও স্থিতিশীল শান্তি এখনও অনেক দূরে।

ফু ছোং বলেন, যুদ্ধবিরতির মধ্যেও সহিংসতা থামেনি এবং ইসরায়েল চারশবারেরও বেশি চুক্তি লঙ্ঘন করেছে বলে অভিযোগ রয়েছে। এর ফলে তিন শতাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

তিনি বলেন, যুদ্ধবিরতি মানে সব ধরনের হামলা সম্পূর্ণভাবে বন্ধ হওয়া। সব পক্ষকেই আন্তরিকভাবে এটি মানতে হবে।

চীনা প্রতিনিধি আরও উল্লেখ করেন, গাজার মানবিক পরিস্থিতি এখনও নাজুক। সাহায্য পৌঁছানোতে নানা বাধা রয়েছে। তিনি ইসরায়েলকে আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে সীমান্ত পথ খুলে দেওয়ার এবং সাহায্য সংস্থার ওপর বিধিনিষেধ তুলে নেওয়ার আহ্বান জানান।

ফু ছোং বলেন, ভবিষ্যতে গাজা সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত নেয়ার সময় ফিলিস্তিনিদের মতামত এবং তাদের আত্মশাসনের নীতিকে গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার পুনরুদ্ধারের সংগ্রামকে চীন সবসময় দৃঢ়ভাবে সমর্থন করে এসেছে এবং ফিলিস্তিন সমস্যার দ্রুত, ন্যায়সঙ্গত ও স্থায়ী সমাধান চীনের লক্ষ্য হিসেবে কাজ করে যাবে।

সূত্র: সিএমজি

শেয়ার করুন